২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮৩, আহত ২০০

মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্রে শারম-আল-শেখে শনিবার সকালে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৩ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আল কায়েদার সিরিয়া এবং মিশর শাখা ‘আবদুল্লাহ আজম বিগ্রেড’ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবারের হামলার এই ঘটনা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে কায়রোর সরকারি সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, পর্যটকদের কাছে পরিচিত নাম শারম-আল-শেখের ওল্ড মার্কেট এলাকায় স্থানীয় সময় সকাল দশটায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পনের মিনিট পর অন্যান্য বিস্ফোরণগুলো হয়েছে নামা বে’র ঘাজালা ও মিভেনপিক হোটেল সংলগ্ন এলাকায়।

হামলার কয়েক ঘন্টা পর আল কায়দা সন্ত্রাসী নেটওয়ার্কের সিরিয়া ও মিশর শাখা একটি ইসলামিক ওয়েবসাইটে হামলার দায়িত্ব স্বীকার করে। যদিও হামলার পিছনে কারা জড়িত তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ আওয়াদ তাগ উদ্দিন জানান, তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে আটজন বিদেশী নাগরিক। এর আগে পুলিশ জানিয়েছিল, নিহতদের অধিকাংশই ব্রিটেন, কাতার, কুয়েত ও মিশরের নাগরিক।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণে একটি চারতারা হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণে ঘাজালা গার্ডেন হোটেলের অভ্যর্থনাকক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস স্তুপের নিচে আরও অনেকেই আটকে থাকতে পারে বলে উদ্ধারকর্মীরা আশংকা করছেন। ঘটনাস্থলের চারপাশে এখন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসরাইল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ হামলাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

শারম-আল-শেখ ইসরাইল, জর্ডান, মিশর ও ইউরোপের পর্যটকদের কাছে অতি প্রিয় পর্যটন এলাকা হিসেবে পরিচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদিল হামলার জন্য ইসলামী মিলিশিয়াদের দায়ি করেছেন। তার ভাষায়, এটা সন্ত্রাসবাদেরই নগ্ন রুপ। তিনি বলেন, হামলার সাথে জড়িতদের অচিরেই খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

আদিল বলেন, এ হামলার সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই। মিলিশিয়ারা ইসলামের শ্লোগানকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে বলে তিনি জানান।

গত অক্টোবরেও লোহিত সাগরের সিনাই উপদ্বীপে ট্রাকবোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছিল।

এ ঘটনা আবারো মিশরের পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশংকা করা হচ্ছে।