২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের একটি পাতাল রেল স্টেশনে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত

লন্ডনের স্টকওয়েলের একটি পাতাল রেল স্টেশনে পুলিশের গুলিতে শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তবে লোকটি এশিয়ান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার লন্ডনে তিনটি পাতাল স্টেশন ও একটি বাসে হামলার পর পুলিশ ঘটনার সাথে জড়িতদের হণ্যে হয়ে খুজছে।

মার্ক হুয়েটবি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি একটি হ্যান্ডগান দিয়ে পরপর ৫ বার গুলি চালিয়ে একজনকে হত্যা করতে দেখেছেন। নিহত লোকটিকে তার কাছে এশিয়ান বলে মনে হয়েছে।

হুয়েটবি বলেন, আমি ট্রেনে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ করে আমি চিৎকার চেচামেচি শুনতে পেলাম। সবাই ট্রেন থেকে নেমে যাওয়ার কথা বলছে। আমি দেখলাম ৩ জন সাদা পোশাকের পুলিশ একজন এশিয়ানকে ধাওয়া করছে। তাদের একজন লোকটিকে ধরে ফেললো এবং মেঝেতে শুইয়ে পরপর ৫ টি গুলি করলো। ট্রেনের অন্য একজন যাত্রী এন্থনি লারকিন বলেন, নিহত লোকটির কোমরে একটি বোম বেল্ট বাধা ছিলো।

এদিকে লন্ডন মেট্রোপলিটান পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ার বলেছেন, লন্ডনের পাতাল রেল সিস্টেম ও বাসে বিস্ফোরণের মাধ্যমে হত্যাযজ্ঞ ঘটানোই ছিল বৃহস্পতিবারের হামলার মূল লক্ষ্য। স্কটল্যান্ড ইয়ার্ড সদর দপ্তরের বাইরে সাংবাদিকদের স্যার ইয়ান ব্লেয়ার জানান, সন্ত্রাসীদের হত্যাযজ্ঞের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, আহতজনের সাথে হামলার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে।

তিনি বলেন, দুটি হামলার সাথে যোগসূত্র রয়েছে বলে মনে হচ্ছে।

বৃহস্পতিবার লন্ডনে লাঞ্চের সময়ে ওয়ারেন স্ট্রিট, ওভাল ও শেফার্ডস বুশ টিউব স্টেশনে স্বয়ংক্রিয় বোমা পেতে রেখে হামলাকারীরা সরে পড়ে বলে পুলিশ ধারণা করছে। অপরদিকে হ্যাকনি রোডে একটি বাসেও বিস্ফোরণের ঘটনা ঘটে। চারটি বিস্ফোরণে বড় ধরনের বিস্ফোরক ব্যবহৃত হলেও তা বিস্ফোরিত না হওয়ার কারণে এ হামলায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

এর আগে ৭ জুলাই বৃহস্পতিবারের লন্ডনের পাতাল রেল ও বাসে চারটি আত্মঘাতী বোমা হামলার চৌদ্দ দিনের মাথায় এ হামলা চালানো হয়। ৭ জুলাইয়ের হামলায় ৫৬ জন নিহত ও কমপক্ষে সাত শতাধিক ব্যক্তি আহত হলেও বৃহস্পতিবারের হামলায় কেউই নিহত হয়নি।