আইনজীবীর সাথে কথা বলা বা দেখা করার সুযোগ পর্যাপ্ত নয়: সাদ্দাম
ক্ষমতাচ্যুত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তার আইনজীবীর সাথে কথা বলা বা দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন।
স্পেশাল ট্রাইবুন্যালের বিচারক মুনীর হাদ্দাদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আরব ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া বৃহস্পতিবার সাদ্দামের এ অভিযোগ সম্বলিত ভিডিও ফুটেজ প্রচার করে।
সাদ্দাম হোসেনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি তার আইনজীবীর সাথেই শুধু দেখা করতে পারেন। তাকে কথা বলার সুযোগ দেয়া হয় না বলে বিচারক মুনির হাদ্দাদের কাছে সাদ্দাম তার এ অভিযোগ পেশ করেন।
সাদ্দাম বলেন, তদন্ত যখন চলছে, তখন একজন অভিযুক্ত কেবল তার আইনজীবীকে দেখার সুযোগ পায়। এটাই কি আইন?
ইরাকি বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগে অভিযুক্ত হবার পর এই প্রথমবারের মতো সাদ্দাম হোসেনকে টিভিতে দেখা গেল। রোববার সাদ্দামের বিরুদ্ধে ১৯৮২ সালে শিয়া শহর দুজাইলে শিয়া ধর্মাবলম্বীদের হত্যাকাণ্ডের নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, নীল স্যুট ও শার্ট পরিহিত সাদ্দাম হোসেন একটি চেয়ারে বসে আছেন। এ সময় তার চোখে ছিল সানগ্লাস। সাদ্দামের আইনজীবী তার পাশেই বসে ছিলেন।
তিনি বলেন, যখন আমি কাউকে ‘আস্সালামু আলাইকুম’ বলি কিন্তু কেউ এ কথার জবাব না দিলে, তখন তা সাদ্দাম হোসেনের মতো মানুষের জন্য তা অপমানজনক বটে।
সাদ্দাম আরও বলেন, ইরাকি সরকার কর্তৃক তাকে গ্রেপ্তার ও বন্দি রাখার বিষয়টিকে তিনি বড় ধরনের ‘কৌতুক’ বলে আখ্যায়িত করেন। তার ভাষায়, ইরাকে সকল ক্ষমতার অধিকারী মার্কিনীরা।
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
