২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট ভেঙ্গে নতুন নির্বাচনের ঘোষণা দিলেন জার্মান প্রেসিডেন্ট

জার্মান প্রেসিডেন্ট হোর্স্ট কোহলার বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। জার্মানির জাতীয় টেলিভিশনে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 09:51 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের প্রস্তাবে সম্মত হয়ে প্রেসিডেন্ট হোর্স্ট পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে জাতীয় নির্বাচন কমপক্ষে এক বছর এগিয়ে নিয়ে আসলেন। দু’মাস আগে চ্যান্সেলার শ্রোয়েডার প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে, তিনি প্রশাসন পরিচালনায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। আর এ কারণেই তিনি আগাম নির্বাচন দেয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

প্রেসিডেন্টের এ ঘোষণার ফলে দু’সপ্তাহের গুজব ও অস্থিতিরতার অবসান ঘটলো। ২০০৬ সালে পরবর্তী জাতীয় নির্বাচনের কথা থাকলেও পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার কারণে আগামী ৬০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচনের আয়োজন করতে হবে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কোহলার বলেন, আমাদের দেশ বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও সংকটাপন্ন।

তিনি বলেন, চ্যান্সেলর শ্রোয়েডার তাকে জানিয়েছেন যে, নিজ দলের সদস্যদের পার্লামেন্টে অনুপস্থিত থাকার হুমকি ও পদত্যাগের কারণে তিনি বিশ্বস্ততার সাথে সরকার পরিচালনা করতে পারছেন না। প্রেসিডেন্টের ভাষায়, জার্মানিতে রয়েছে লাখ লাখ বেকার। আন্তর্জাতিক বাজারে জার্মানি ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন। আমাদের এমন একটি সরকার দরকার যে সরকার আস্থার সাথে কাজ করে জাতিকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যাবে।

জার্মানির আইন অনুসারে একমাত্র প্রেসিডেন্টই পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ক্ষমতা রাখেন।

সম্প্রতি এক মতামত জরিপে দেখা গেছে, এঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি, শ্রোয়েডারের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি থেকে এগিয়ে রয়েছে। জরিপে ৪৪ শতাংশ ভোট পেয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে সোশ্যাল ডেমোক্র্যাটিক পেয়েছে ২৭ শতাংশ ভোট। অবশ্য ব্যক্তিগত জনপ্রিয়তার দিক থেকে শ্রোয়েডার তার প্রতিদ্বন্দ্বী মার্কেলের চেয়ে অনেক এগিয়ে।

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া প্রদেশের স্থানীয় বেশ কয়েকটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পরাজয়ের কারণে চ্যান্সেলর আগাম নির্বাচন দেয়ার বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করেন। আর তার দলের মধ্যে বিদ্রোহও আগাম নির্বাচনের দাবি জানানোও অপর একটি কারণ। তার সরকারের সাবেক অর্থমন্ত্রী অস্কার ল্যাফোনতাইন দল থেকে বেরিয়ে পার্টি অব ডেমোক্র্যাটিক সোশ্যালিজমে যোগ দিয়েছে।