২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন টিউব স্টেশনে হলুদ সংকেতঃ বোমা বিস্ফোরণ ‘খুবই ভয়াবহ ঘটনা’-পুলিশ প্রধান

লন্ডনের ভয়বহ বোমা হামলার পনের দিনের মধ্যে দ্বিতীয় দফা বোমা হামলার প্রচেষ্টার ব্যাপারে শহরের পুলিশ প্রধান বলেছেন চারটি বিষ্ফোরণ ঘটানো হয়েছে কিংবা চেষ্টা চালানো হয়েছে। এরমধ্যে আন্ডারগ্রাউন্ড স্টেশনে তিনটি ও একটি বাসে অপর ঘটনাটি ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ঘটনার পর বৃহস্পতিবার তিনটি টিউব স্টেশন দ্রুত জনশূন্য হয়ে পড়ে। কর্তৃপক্ষ তিনটি রেল লাইন বন্ধ করে দেয়, স্টেশনগুলোতে হলুদ সংকেত (অ্যাম্বার এলার্ট) ঘোষণা করে। খবর বিভিন্ন বার্তা সংস্থা’র।

ঘটনার পর পুলিশ ওয়ারেন স্ট্রিট, ওভাল ও শেফার্ডের একটি বুশ টিউব স্টেশনের ব্যাপক এলাকা ঘিরে রেখেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্রধান স্যার ইয়ান ব্লেয়ার বলেন, তিনটি বোমা বিস্ফোরণের পর বেশ ক’টি টিউব স্টেশন জনশূন্য হয়ে পড়া এবং রেল লাইন বন্ধ হয়ে যাওয়া একটি ‘ভয়াবহ ঘটনা’।

স্যার ইয়ান লন্ডনের অধিবাসীদেরকে যে যেখানে আছে সেখানে অবস্থান করতে বলেন। পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।

লন্ডনের পাতাল রেল স্টেশনে হলুদ সংকেত ঘোষণা করা হয়েছে এবং ট্রেনগুলোকে পাশ্ববর্তী স্টেশনে সরিয়ে নেয়া হয়েছে।

বোমা বিস্ফোরণে বেথন্যাল গ্রিন এলাকার হ্যাকলে রোডের ২৬ নম্বর রুটের একটি বাসের জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিকেলে তার সকল কর্মসূচি বাতিল করে পররাষ্ট্র সচিব জ্যাক স্ট্রকে নিয়ে কোবরা কমিটির একটি বৈঠকে যোগ দেন।

এদিকে ওয়ারেন স্ট্রিটে একজন আহত হয়। আহত ব্যক্তি বোমা বহন করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর ভিক্টোরিয়া লাইন, হ্যামারস্মিথ ও সিটি লাইনসহ উত্তরাঞ্চলের সকল রেল সার্ভিস বাতিল করা হয়েছে।

ওয়েস্টমিনিস্টার টিউব স্টেশন, ওয়াটারলু স্টেশন ও কিংস ক্রস থেমস লিংকসহ বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গেছে।

বোমার ডিভাইস খুঁজে পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরকহীন নকল বোমা মনে হচ্ছে।

ওভাল স্টেশনের এক প্রত্যক্ষদর্শী জানান, রেলটি স্টেশনে পৌঁছার পর ছোট্ট একটি শব্দ হয় এবং এক ব্যক্তি দৌড়ে চলে যায়।

স্টেজকোচের এক মুখপাত্র বলেন, শোরেডিচ দিয়ে যাওয়া ২৬ নম্বর রুটের বাসের চালক দোতলায় একটি শব্দ শুনতে পেয়ে উপরে যান এবং জানালার কাঁচ ভাঙ্গা দেখতে পান।

পুলিশ সাংবাদিকদের জানায়, শেফার্ডের বুশ স্টেশনে এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং পরে দৌড়ে চলে যান।

ওয়ারেন স্ট্রিটে ধোঁয়ার গন্ধ পাওয়ার পর সকলে আতংকিত হয়ে পড়ে। এরপর স্টেশনটি খালি করে দেয়া হয়। তবে স্টেশনের প্লাটফরমে কোনও ধোঁয়া ছিল না।

মাথার ওপর পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছে। শেফার্ড বুশ স্টেশনের সকলকে সরিয়ে নেয়া হয়েছে।

সিএনএন বলেছে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। স্টেশনের ৫শ’ কিলোমিটারের মধ্যে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

ওভাল স্টেশনে ট্রেনের যাত্রী ছিলেন এমন এক মহিলা বলেন, তিনি কোনও শব্দ শুনতে পাননি তবে হঠাৎ করেই লোকজন তার বগিটিতে ঠেলাঠেলি করে ঢুকতে শুরু করে।

ট্রেনটিতে খুব ভিড় ছিলো তা নয়, কিন্তু জনতা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, বললেন তিনি।

একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ সিএনএনকে বলেন, যে গন্ধ নাকে আসার কথা জনতা বলতে তার দুটো সূত্র থাকতে পারে একটি-বস্তায় আগুন ধরে গিয়েছিলো এবং অপরটি হচ্ছে বিস্ফোরকগুলো ছুড়লে তা বিষ্ফোরিত না হয়ে পড়ে নিজে নিজেই সেগুলোতে আগুন ধরে গিয়েছিলো। তিনি বলেন, বিষ্ফোরক পুড়লে কিছু টকগন্ধ ছড়াতে পারে।