ইসলামী উগ্রবাদের জন্য পশ্চিমা বিশ্বই দায়ী: লন্ডন মেয়র
লন্ডনে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার পিছনে ইসলামের যে উগ্রবাদ কাজ করেছে, পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতিই সেই উগ্রবাদকে প্রতিষ্ঠিত করেছে।
ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন বুধবার এ কথা বলেন।
কিসের কারণে প্রভাবিত হয়ে পাকিস্তান বংশোদ্ভূত তিন ব্রিটিশ মুসলিম লন্ডনে বোমা হামলা চালিয়েছিল, এ প্রশ্নের জবাবে লন্ডন মেয়র কেন বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও ওসামা বিন লাদেনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সহযোগিতাই তাদেরকে প্রভাবিত করেছিল।
লিভিংস্টোন বলেন, মার্কিন দ্বিমুখী পররাষ্ট্র নীতির কারণে অনেক তরুনই দ্বিধাগ্রস্ত। একদিকে তারা গুয়ানতানোমো বে’তে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরে রাখছে। অপরদিকে ওসামা বিন লাদেনের মত সন্ত্রাসী নিজেদের স্বার্থে তৈরি করছে। লন্ডনে বোমা হামলার সাথে যে আল-কায়েদার সম্পর্ক রয়েছে, তা লন্ডন পুলিশ আগেই স্বীকার করেছে।
লিভিংস্টোন বলেন, ‘তেলের প্রয়োজনে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যে ৮০ বছর শোষণ চালিয়েছে। আমরা সেখানে আমাদের সহযোগী সরকার বসিয়ে রেখেছি। বিরোধী সরকারদের পতন ঘটিয়েছি।’
