ব্রিটেনে বাড়ছে জ্বালানির দাম, বাড়ছে দারিদ্র্য
জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্রিটিশ নাগরিকরা তাদের ঘর গরম রাখার জন্য পর্যাপ্ত জ্বালানির যোগান দিতে পারছেন না। দিনে দিনে এ সংখ্যা কেবলি বাড়ছে বলে সম্প্রতি ‘ন্যাশনাল এনার্জি অ্যাকশন অ্যান্ড দি ন্যাশনাল রাইট টু ফুয়েল ক্যাম্পেইন’ প্রকাশিত দুটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যদিও সরকার জ্বালানি দরিদ্রতা কমানোর ক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেছে, তারপরও অব্যাহতভাবে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ২০০৯ সালের মধ্যে কমপক্ষে ২০ লক্ষ ব্রিটিশ গৃহ জ্বালানি দরিদ্রতার সম্মুখীন হবে। তাদের মতে, ২০০৩ সালের তুলনায় ২০০৪ সালের শেষের দিকে গ্যাসের ক্ষেত্রে শতকরা ৯ ভাগ ও বিদ্যুতের ক্ষেত্রে শতকরা ৭ ভাগ মূল্য বৃদ্ধি পেয়েছে।
সরকারের এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স অধিদপ্তর এবং বাণিজ্য ও শিল্প অধিদপ্তরের পরিসংখ্যান উল্লেখ করে প্রতিবেদন বলা হয়েছে, ২০০৩ সালে যুক্তরাজ্যে জ্বালানি-দরিদ্রের সংখ্যা ছিল প্রায় ২০ লাখ। আর ২০০৬ সালে তা ৪০ লাখে দাঁড়াবে বলে ধারনা করা হচ্ছে। প্রতিবেদনে জ্বালানি-দরিদ্র বলতে তাদেরকেই বুঝানোই হয়েছে, যাদের আয়ের শতকরা ১০ ভাগ ঘর গরম রাখার কাজে ব্যবহৃত হয়।
২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে জ্বালানি খরচ বেড়ে গেছে বলে সরকার স্বীকার করেছে। সরকার আগামী ২০১০ সালের মধ্যে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও দীর্ঘস্থায়ী রোগীদের জন্য জ্বালানি-দরিদ্রতা নির্মূলের প্রকল্প হাতে নিয়েছে। জ্বালানি দারিদ্র্য নির্মূল করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে পরিবেশ মন্ত্রী ইলিয়ট মোর্লে জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মাসে যে হারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, তার কারণে জ্বালানি-দরিদ্রতা কমিয়ে আনতে সরকারের অর্জিত সাফল্যের উল্টো দিকটাই দেখা যাবে।
