জর্জিয়ায় বুশের ওপর গ্রেনেড হামলার ঘটনায় ১ জন আটক
জর্জিয়া রিপাবলিকের রাজধানী তিবিলিসিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ-এর ওপর গ্রেনেড হামলার ঘটনায় সন্দেহভাজন ভ্লাদিমার আরুতিনিয়ানিকে বুধবার জর্জিয়া পুলিশ গ্রেফতার করেছে।
গত মে মাসে তিবিলিসিতে এক জনসমাবেশে ভাষণদানকালে বুশের ওপর এই হামলা চালানো হয়।
জর্জিয়া রিপাবলিকের গৃহায়ন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, তাকে গ্রেফতারের সময় পুলিশের সাথে গুলি বিনিময়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
আর্মেনিয়ার নাগরিক ভ্লাদিমির ওইদিন জনসমাগমে আর্মেনিয়ায় তৈরি গ্রেনেড ছুঁড়ে মারে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে।
এদিকে মার্কিন সিক্রেট সার্ভিস-এর মুখপাত্র টম মাজুর বলেন, তারা সরাসরি তদন্তকাজে জড়িত না থাকলেও এ ব্যাপারে জর্জিয়ার অনুসন্ধান পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, তিবিলিসি-এর ফ্রিডম স্কোয়ারে ভাষণ দানকালে বুশের সাথে মঞ্চে আরও উপস্থিত ছিলেন জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিসহ অন্যান্য ব্যক্তিবর্গ। ব্রুলেটপ্রুফ গ্লাস দিয়ে ঘেরা মঞ্চের ১০০ ফুট বা ৩০ মিটারের মধ্যে কাপড় দিয়ে পেঁচানো গ্রেনেডটি ছুঁড়ে মারা হলেও ভাগ্যক্রমে তা বিস্ফোরিত হয়নি। এ সময় সেখানে প্রায় দশ হাজার লোক উপস্থিত ছিল।
