লাদেনকে ধরিয়ে দেয়ার জন্য ব্যাপক প্রচারাভিযান
ওসামা বিন লাদেন এবং অন্যান্য জঙ্গি নেতাদের ধরার জন্য আফগানিস্থানে ব্যাপক প্রচারিভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্য প্রচার মাধ্যমে তাদের বর্ণাঢ্য রঙিন ছবি শোভা পাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকার বিন লাদেন এবং তার ডেপুটি আয়মান আল-জাওয়াহিরি উভয়কে ধরিয়ে দেওয়ার জন্য মাথা পিছু ২ কোটি ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে। অন্যদিকে তালেবান প্রধান মোল্লা ওমরের মাথার দাম নির্ধারিত হয়েছে এক কোটি ডলার।
আগামী সেপ্টেম্বরে আফগানিস্থানে নির্বাচনকে সামনে রেখে অস্ট্রেলিয়া তার এসএএস সেনাবাহিনীকে সেখানে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে ২০০ সেনা সদস্যের একটি দল পাঠানো হবে বলে বার্তা সংস্থা জানায়।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, আত্মগোপনকারী শীর্ষ সন্ত্রাসীদের আটক করতে জনগণের মধ্যে যাতে সচেতনতা ও আগ্রহ বাড়ে সেজন্য তিন মাসব্যাপী ব্যাপক প্রচারাভিযান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যুরো অব ডিপ্লোম্যাটিক সিকিউরিটির আওতায় রেডিও এবং টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারিত হবে। বিজ্ঞাপনের ভাষায় থাকবে, “আফগান জনগণকে স্মরণ রাখতে হবে এ সন্ত্রাসী লোকগুলো কেবল আফগানিস্থানেরই শত্রু নয়, সমগ্র বিশ্বেরও তারা দুশমন। তাদের সন্ত্রাসের কারণেই গত কয়েকটি বছরে বিপুল সংখ্যক লোক নিহত হয়েছে।”
প্রচারণার অংশ হিসেবে আফগানিস্থানের বিভিন্ন অঞ্চলে লাদেন, জাওয়াহিরি এবং ওমরের ওপর চটি বই বিতরণ এবং পোস্টার লাগানো হবে। অন্যান্য শীর্ষ সন্ত্রাসীর মতো তাদের ছবিও এতে শোভা পাবে।
