ইরাকে সাদ্দাম হোসেনের বিচার নিরাপদ নয়: আইনজীবী
লন্ডনে সাদ্দাম হোসেনের একজন আইনজীবী বলেছেন, ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার নিজ দেশে নিরাপদ নয়।
কারণ গেরিলা হামলায় দেশটি ক্রমেই বিপজ্জনক হয়ে পড়ছে। আর সেজন্যই তার বিচার প্রক্রিয়া অন্য দেশে হওয়া উচিত।
লন্ডনে সাদ্দাম হোসেনের আইনজীবী জিওভান্নি দি স্টিফেনো এক সাক্ষাৎকারে বলেন, আপনি কি এক বছর কিংবা তারও অধিক সময় বাগদাদে থাকতে চান? এক সপ্তাহের মধ্যে পাঁচদিন কোর্টে যেতে চান? আপনি কি মনে করেন বাগদাদ বিচার কাজের জন্য নিরাপদ?
তিনি আরও বলেন, বাগদাদ যেখানে মিশরীয় রাষ্ট্রদূত অপহরণ ও হত্যাকে ঠেকাতে পারেনি সেখানে সাদ্দাম হোসেনের বিচার কিভাবে হবে? অনেক ইরাকি তাদের প্রিয় নেতা সাদ্দাম হোসেনের মুক্তি চায় এবং ইরাকে শাসনক্ষমতায় দেখতে চায়। আর এর ফলেই স্পষ্ট হয়ে উঠেছে যে, ইরাকে প্রতিরক্ষা ও বিচার প্রক্রিয়া কোনোটাই স্বচ্ছ নয়।
তিনি বলেন, সাদ্দামের আইনজীবীরা সুইডেনে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সুইডেন সরকারের সাথে যোগাযোগ করেছেন।
স্টকহোমের আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার ভেলেনতিন বলেন, সাদ্দামের অনুরোধ সম্পর্কে তাদেরকে কোনও কিছু জানানো হয়নি।
আইনজীবী স্টিভেনো সাদ্দামকে বিনা কারণে ৫৪৮ দিন ধরে আটক রাখার তীব্র সমালোচনা করেন।
