২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১৬টি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, বুশ-মনমোহন বৈঠক সোমবার

ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকে দু দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মতবিনিময় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

নেতাদের এ বৈঠককালে দুদেশের মধ্যে মোট ১৬টি চুক্তি স্বাক্ষরিত হবে। এ নিয়ে উভয় দেশের সরকারি মহলে তৎপরতা বিরাজ করছে, কর্মকর্তারা চুক্তিগুলোর দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন।

এর আগে মনমোহন সিং তিনদিনের যুক্তরাষ্ট্র সফরে রোববার ওয়াশিংটন পৌঁছেন।

দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগ, জ্বালানি, মহাকাশ অনুসন্ধান, কৃষি, বিজ্ঞান এবং বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ।

পারমানবিক শক্তি এবং মহাকাশ প্রযুক্তি নিয়ে উভয় পক্ষের চুক্তি স্বাক্ষরের ওপর বৈঠকের ফলাফল নির্ভর করবে। যদিও ১৯৯৮ সালে পোখরানে পারমানবিক বিস্ফোরণ ঘটানোর পর ওয়াশিংটন ভারতে উচ্চতর প্রযুক্তি রপ্তানির ওপর থেকে বিধি নিষেধ প্রত্যাহার করে নেয়নি তবুও ধারণা করা হচ্ছে বৈঠকে এই দুটি চুক্তিরও ঘোষণা দেয়া হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ বাড়ানো নিয়ে অন্যান্য জি-৮ এবং আফ্রিকান ইউনিয়নের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মনমোহনের দলের সঙ্গে যোগ দিয়েছেন।

রোববার নটবর সিংয়ের সঙ্গে তার হোটেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এক শুভেচ্ছা সাক্ষাৎ করেন। এসময় উভয়ের মধ্যে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা মনে করছেন, এ বৈঠক স্নায়ুযুদ্ধের পর ইন্দো-মার্কিন সম্পর্ককে নতুন রূপ দেবে। বৈঠকে রাইস এবং নটবর সিং বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং তারা সোমবারের বৈঠকের জন্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে নোট নেন।

সোমবারের বৈঠকের কার্যসূচিতে সন্ত্রাসবাদ, বাণিজ্য এবং প্রযুক্তি সংক্রান্ত ইস্যুগুলো সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার রাইস দূরদর্শন চ্যানেলকে বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী বিশ্বযুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ অংশিদারে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, উভয় দেশের মধ্যে গোয়েন্দা এবং আইন প্রয়োগ বিষয়ে চমৎকার সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।

সোমবার থেকে বুধবারের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে এণ্ড্রিউজ এয়ার ফোর্স ঘাঁটিতে অভ্যর্থনা অনুষ্ঠান, প্রেসিডেন্ট বুশের ভোজসভা, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য এবং জাতীয় প্রেসক্লাবে মার্কিন ও ভারতীয় প্রেসের মতবিনিময়। সকল কর্মসূচিতেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যে বুশের আগ্রহের ওপর আলোকপাত করা হবে বলে কর্মকর্তারা জানান।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ড. মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফরের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।