নেতাজি কমিশনের রাশিয়া সফর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত গঠিত মুখার্জ্জী কমিশনের রাশিয়া সফর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে। কারণ জুলাই ও আগস্ট মাসে ছুটি উপলক্ষ্যে রাশিয়ার বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকে।
বিচারপতি এমকে মুখার্জ্জী এ কমিশনের একমাত্র প্রধান। কমিশন ভারতের বিদেশ মন্ত্রণালয়কে তদন্ত কাজের অগ্রগতি জানিয়ে বলেছে, সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের রাশিয়া সফর স্থগিত করা হয়েছে।
কমিশন রাশিয়া সফর শেষ করার পর নেতাজী সুভাষ চন্দ্র বসু সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। আর এজন্য কমিশনের তদন্ত কাজের সময়সীমা ২০০৫ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কমিশনের ১৪ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল।
বিচারপতি মুখার্জ্জী বলেন, কমিশন পুনরায় তদন্ত কাজের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য রাশিয়া সফরের তারিখ নিয়ে আগামী ২৬ জুলাই বৈঠকে বসবে।
১৯৪৫ সালের পরে নেতাজি সুভাষ চন্দ্র বসু রাশিয়ায় অবস্থান করছিলেন কিনা কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।
