আটক রসায়নবিদকে কারও হাতে হস্তান্তরের পরিকল্পনা কায়রোর নেই
কায়রো বলেছে, লন্ডনের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে আটক মিশরীয় রসায়নবিদকে আপাতত কারও হাতে হস্তান্তর করা হবে না। কায়রোতে গ্রেপ্তারকৃত রসায়নবিদকে জিজ্ঞাসাবাদ করতে ব্রিটিশ তদন্ত দল মিশরে পৌঁছার পর শনিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ কথা বলেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আল-নাশারকে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি মিশরের সার্বভৌমত্বের সাথে জড়িত। আর তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে মিশরের মাটিতেই। নাসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
ওই কর্মকর্তা আরও বলেন, নাসার যে হামলার সাথে জড়িত ছিল, সে ব্যাপারে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ নেই। মিশর ও ব্রিটেনের মধ্যে এরকম কোনও চুক্তি নেই যে, ব্রিটেন আমাদের এখানে এসে তদন্ত চালাতে পারবে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সন্ত্রাসবাদ বিষয়ের সাথে কায়রো সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু নাশারের ব্যাপারটি ভিন্ন।
লন্ডন পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ার শুক্রবার বলেন, ব্রিটেন আল-নাসারকে লন্ডনে ফিরিয়ে আনতে চায়।
লন্ডনের বোমা হামলার পর ব্রিটিশ পুলিশ মিশরের কাছে মাগদি মাহমুদ মুস্তফা আল-নাশারের (৩৩) ছবি ও পরিচয় সরবরাহ করে। এরই প্রেক্ষিতে মিশরের পুলিশ নাশারকে গ্রেপ্তার করে। নাশারের লিডসের বাসভবনে পুলিশ তল্লাশি চালিয়ে বিস্ফোরকদ্রব্য পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করতে পুলিশ সবধরনের চেষ্টা চালায়।
আল-নাশার লিডস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। ৭ জুলাইয়ের হামলার এক সপ্তাহ আগে তিনি মিশরে আসেন।
