লন্ডন হামলাকারীদের ছবি প্রকাশ
ব্রিটিশ পুলিশ সিসিটিভিতে ধারণকৃত চার হামলাকারীর ছবি রোববার প্রকাশ করেছে। সাত জুলাইয়ের চার বোমা হামলাকারীর ওই ছবিতে দেখা গেছে, মিশন শুরুর আগে তারা একসাথে লুটন স্টেশন ত্যাগ করছে। এছাড়া পুলিশ প্রথমবারের মত চার যুবকের পরিচয় নিশ্চিত করেছে।
সিসিটিভির রেকর্ড অনুযায়ী মোহাম্মদ সিদ্দিক খান (৩০), জার্মেইন লিন্ডসে (১৯), হাসিব হোসেন (১৮) ও শেহজাদ তানভির (২২) একসাথে সাত জুলাই স্থানীয় সময় সকাল সাতটা ২০ মিনিটে লুটন স্টেশন ত্যাগ করছে। চার বোমারুর সর্বশেষ অবস্থান সম্পর্কে আরও তথ্য পেতেই তাদের ছবি প্রকাশ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হামলাকারী চারজনের মধ্যে তিনজন স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে পাতাল রেলে আত্মঘাতী বোমা হামলা চালায়। অপরদিকে চতুর্থ হামলাকারী ৯টা ৪৭ মিনিটে যাত্রীবাহী দোতলা বাসে বিস্ফোরণ ঘটায়। চারটি হামলায় ৫৩ জন নিহত ও সাত শতাধিক আহত হয়।
সন্ত্রাস দমন শাখার প্রধান পিটার ক্লার্ক বলেন, বিভিন্ন ধারায় তদন্ত চলছে। কিন্তু আমাদের আবেদন অনুযায়ী লন্ডনবাসী যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি অভিভূত। তারপরও তাদের চূড়ান্ত গতিবিধি সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য দরকার।
সর্বকনিষ্ঠ হামলাকারী হাসিব হোসেন দোতলা বাসে বোমা হামলাচালিয়ে ১৩ বাসযাত্রীকে হত্যা করেছে। অপরদিকে এজ্ওয়্যার রোডে খানের পরিচালিত বিস্ফোরণে ছয়জন, আল্ডগেটে তানভিরের হামলায় ছয়জন এবং রাসেল স্কোয়ারে লিন্ডসের হামলায় নিহত হয় ২৬ জন।
এদিকে ১২ জুলাই গ্রেপ্তারকৃত এক সন্দেহভাজনকে পুলিশ বেশ সময় ধরে জিজ্ঞাসাবাদ করছে। তাকে লন্ডনের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
লন্ডন হামলার সম্পর্কে আরও বেশি তথ্য পেতে পুলিশ এ পর্যন্ত ৮০০ প্রত্যক্ষদর্শীকে জবানবন্দি গ্রহন করছে। অপরদিকে তদন্তে সহায়তার জন্য স্থাপিত পুলিশের সন্ত্রাসবিরোধী হটলাইন সাড়ে তিন হাজার ফোন কল পেয়েছে। আর ত্রিশ নম্বর বাসটির বিস্তারিত ফরেনসিক পরীক্ষার জন্য তাভিস্টক স্কয়ার থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
