ইরাকে গেরিলা হামলায় ৩ ব্রিটিশ সেনার মৃত্যু, বন্দি নির্যাতনের দায়ে ১১ সেনা অভিযুক্ত
ইরাকে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন ব্রিটিশ সেনা শনিবার মারা গেছে। এদিকে কারাগারে আটক সন্দেহভাজন ইরাকি বিদ্রোহীদের ওপর নির্যাতনের অভিযোগে ১১ মার্কিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার মার্কিন বাহিনীর এক বিবৃতিকে একথা বলা হয়।
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনাদের একজন বন্দি নির্যাতনের অভিযোগ দায়ের করার পর বুধবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে অবশ্য দাবি করা হয়েছে, মার্কিন সেনাদের নির্যাতনের আঘাত নিয়ে কোনো বন্দির চিকিৎসা করার প্রমাণ পাওয়া যায়নি। ইরাকের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতন নিয়ে মার্কিন বাহিনী এখনো বেশ চাপের মুখে রয়েছে। এছাড়া ইরাকি বাহিনীর বিরুদ্ধেও বন্দি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। খবর বিভিন্ন্ বার্তা সংস্থার।
অপরদিকে আমারায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত তিন ব্রিটিশ সেনা মারা গেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে। নিহতরা ফাস্ট ব্যাটেলিয়ন স্ট্যাফোর্ডশায়ারের অন্তর্ভুক্ত টাস্ক ফোর্স মায়াসানের সদস্য ছিলো। ইরাক যুদ্ধে এ পর্যন্ত মোট ৯২ জন ব্রিটিশ সেনার মৃত্যু হলো।
