বাংলাদেশ হয়ে আইএসআই এজেন্টরা ভারতে প্রবেশ করছে : খালিজ টাইমস
পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গিদের বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করার অভিযোগ এনেছে ভারত। আর তাই এ সব অনুপ্রবেশ প্রতিরোধ করতে ভারতের কেন্দ্রীয় সরকার সেদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। দুবাই-ভিত্তিক দৈনিক খালিজ টাইমস শনিবারের ইন্টারনেট ভার্সনের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
পশ্চিমবঙ্গ সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাদেশিক সরকারকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স’র (আইএসআই) কার্যকলাপ সম্পর্কে সতর্ক করে দিয়ে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ভারতে মাটিতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য আইএসআই প্রতিবেশী দেশ বাংলাদেশে বেশ কয়েকটি নতুন ঘাঁটি গেড়েছে।
প্রতিবেদনে ওই চিঠির কথা উল্লেখ করে বলা হয়, আইএসআই নিয়মিত কাশ্মিরের মধ্যে দিয়ে ভারতে সন্ত্রাসবাদ সরবরাহ করে থাকে। কিন্তু কাশ্মির ইস্যুতে ভারত পাকিস্তানের সাথে শান্তি আলোচনা শুরু করায় কাশ্মিরের ওপর আন্তর্জাতিক দৃষ্টি রয়েছে। আর সে কারণেই পাকিস্তান বাংলাদেশসহ অন্যান্য রুট ব্যবহার করে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর চেষ্টা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠি অনুসারে বাংলাদেশের ক্ষমতাসীন জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আইএসআই বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন নতুন ঘাঁটি তৈরি করেছে। চিঠিতে আরও বলা হয়, সীমান্ত রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের মুসলিমদের উত্তেজিত করতে আইএসআই ওই সব ক্যাম্প থেকে ভারত বিরোধী প্রচারণা চালাচ্ছে।
সীমান্ত এলাকায় নতুন করে আইএসআই-এর এ তৎপরতা সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে বিভিন্ন তথ্য প্রমাণ হাতে পেয়েছে বলে ওই কর্মকর্তা জানান। আর এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত শুরু করেছে।
এর আগে ভারত সরকার নেপাল সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছিল।
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বলে খালিজ টাইমসের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
