লন্ডন বোমা ঃ মিশরীয় রসায়ন বিশেষজ্ঞ গ্রেফতার
লন্ডনে বোমা বিস্ফোরণের ঘটনায় মিশরের রাজধানী কায়রোয় শুক্রবার এক রসায়ন বিশেষজ্ঞ গ্রেফতার হয়েছেন। পুলিশ তাকে খুঁজছিলো।
গ্রেফতারকৃত মাগদি মাহমুদ আল নাসারকে জুলাইয়ের প্রথম থেকেই তার সহকর্মীরা খুঁজে পাচ্ছিলো না।
ব্রিটিশ পুলিশ আল নাসারের যাতায়াত ছিলো, লিডস-এ এমন একটি বাড়িতেও তল্লাসি চালায়। যদিও সন্দেহভাজন হিসাবে নাসারের নাম উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ পুলিশ জানায়, তারা আল নাসারকে জিজ্ঞাসাবাদ করবে। নাসার লিডস বিশ্ববিদ্যালয় থেকে রসায়সে পিএইচডি করেন।
লন্ডনে বোমা হামলায় নাসারের জড়িত থাকার বিষয়টি পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা লিডস এর যে বাড়িটি ব্যবহার করেছিলো, নাসার সেটির চাবি হস্তান্তর করেন।
কায়রোয় নাসারকে জিজ্ঞাসাবাদের সময় মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে ব্রিটিশ গোয়েন্দারাও থাকছেন।
কায়রোয় শুক্রবার সকালে ব্যাপক অভিযানের মধ্য দিয়ে নাসারকে ধরা সম্ভব হয়েছে।
পুলিশ লিডস এবং বাকিমহামশায়ারের কয়েকটি বাড়িতেও তল্লাসি চালাচ্ছে।
বোমা হামলার দু’সপ্তাহ আগে সন্দেহভাজন এক আল কায়েদা সদস্য একটি চ্যানেল পোর্ট হয়ে ব্রিটেনে ঢুকেছে বলে জানা যায়।
ব্রিটেনের পুলিশ বলছে, ওই লোক লন্ডন বোমা হামলায় জড়িত, এমন কোন প্রমাণ নেই। তবে তদন্ত কর্মকর্তাদের ধারণা, হামলায় আল কায়েদার সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য বেরিয়ে আসবে।
