২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের বোমা হামলায় হতাহতদের স্মরণে প্রার্থনা

হাজার হাজার ব্রিটিশ নাগরিক বৃহস্পতিবার ট্রাফালগার স্কয়ারে মিলিত হয়ে  ৭ জুলাই লন্ডনের সাবওয়ে স্টেশন ও ডাবল ডেকারে বোমা হামলায় হতাহতদের স্মরণে প্রার্থনা সভায় মিলিত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:47 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পাশাপাশি বোমা হামলার কারণে উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলার জন্য লন্ডনের মেয়র উদ্ধার ও নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানান।

প্রার্থনা সভায় উপস্থিত লন্ডন মেয়র কেন লিভিংস্টোন উদ্ভূত পরিস্থিতিতে শান্ত থেকে সাহসিকতার পরিচয় দেয়ার জন্য লন্ডনবাসীদের প্রশংসা করেন। আর নিরাপত্তা কর্মীদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা কর্মীদের তৎপরতা ছিল সত্যি অতুলনীয়।

লিভিংস্টোন বলেন, বোমা হামলা, আগুন ও যুদ্ধ- সবকিছুর পরও টিকে থাকা লন্ডনকে আরও সুন্দর ও শক্তিশালী মনে হচ্ছে। আর তাই সকল ক্ষোভ-হিংসা ভুলে এবং আর কাউকে হামলার জন্য দোষ দেয়া অথবা ঘৃনা না করে লন্ডনকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও আকর্ষণীয় করার সব চেষ্টাই আমাদের করতে হবে।

প্রার্থনা সভায় লন্ডনের অলিম্পিক বিড টিমের সফল চেয়ারম্যান লর্ড কো জানান, ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেম আয়োজনের সকল অর্জন ও প্রচেষ্টা হতাহতদের নামে উৎসর্গ করা হবে। তার ভাষায়, অলিম্পিক গেম আয়োজক শহর লন্ডন কখনই হতাহতদের ভুলে যাবে না।

এদিকে বোমা হামলায় সাত শতাধিক আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি বৃহস্পতিবার মারা যান। এ নিয়ে লন্ডন হামলায় মৃতের সংখ্যা ৫৪-তে গিয়ে দাঁড়ালো।

এর আগে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য ও প্যারিস, বার্লিন, মাদ্রিদসহ ইউরোপের বিভিন্ন শহরে হতাহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।