বোমা হামলাকারীদের পরিবারেও বিস্ময়
লন্ডনে বোমা হামলাকারীদের সনাক্ত করার পর সেখানকার সমাজ-পরিবার পরিমন্ডলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার।
সন্দেহভাজন হামলাকারীদের একজন শেহজাদ তানভির। পাকিস্তানে ধর্মশিক্ষার ওপর পড়াশোনা করেছে সে। বোমা হামলায় তানভিরের জড়িত থাকার কথা শুনে ভেঙে পড়েছেন তার চাচা বশির আহমেদ। তার ধারণা, কেউ জোর করে তাকে দিয়ে এ কাজ করিয়েছে।
বলা হচ্ছে, চার পাকিস্তানী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এখন পঞ্চম ব্যক্তিটিকে খুঁজছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে কেউ নয়, বরং কোন পঞ্চম ব্যক্তিই এ হামলার পরিকল্পনাকারী। ধারণা করা হচ্ছে, লিউটনের ২০ মাইল দূরে আইলসবারি থেকে সন্দেভাজন বোমা হামলাকারীরা ট্রেনে চেপে লন্ডনে আসে গত বৃহস্পতিবার।
তবে হামলার তথ্য জানতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বৃটিশ পুলিশ। এছাড়াও আরেক সন্দেভাজন হামলাকারীর আত্মীয়কে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ও পরিকল্পনার জন্য ওয়ারেন্ট দিয়েছে পুলিশ। তবে চতুর্থ সন্দেহভাজন হামলাকারীর নাম জানায়নি পুলিশ। বাকি তিনজন হামলাকারী পশ্চিম ইয়র্কশায়ারের বাসিন্দা বলে জানা গেছে।
সনাক্তকরণ কমিশন নিহত ১৪ জনকে সনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে স্টকল্যান্ড ইয়ার্ড। এদের মধ্যে ১১ জনের পরিচয় মিলেছে।
এদিকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃটেনে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আগত কট্টর মুসলিমদের দ্রুত সেখান থেকে বিতাড়নে জরুরী ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে নতুন আইন প্রণয়নের জন্য আলোচনাও শুরু করেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বৃহস্পতিবার বোমা হামলার শিকার ব্যক্তিদের স্মরণে যুক্তরাজ্যের সাথে দুই মিনিটের নিরবতা পালন করে।
