লন্ডনে বোমা হামলাকারীদের সকলেই ব্রিটিশ নাগরিক
লন্ডনে বোমা হামলার তদন্তে দ্রুত অগ্রগতি হচ্ছে। গোয়েন্দাদের দৃঢ় বিশ্বাস যে, হামলাগুলো ছিল আত্মঘাতী এবং হামলাকারী চারজনই ব্রিটিশ নাগরিক।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত নথিপত্র ও ক্যামেরা ফুটেজ দেখে সনাক্ত করা হয় যে হামলাকারীদের তিনজন পাকিস্তানি বংশোদ্ভূত।
ইতোমধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এদের পিছনে থাকা নাটের গুরু এখনও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
লন্ডনের পাতাল রেল ও একটি দোতালা বাসে হামলাকারীদের চারজনই নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন। বাসে নিহত সন্দেহভাজন বোমাবাজের জিনিসপত্রে তার পরিচয় পাওয়া যায়। এই ক্লু পাওয়ার পরই খুব তাড়াতাড়িই ঘটনা এগিয়ে যায়। এছাড়া কিংস ক্রস পাতাল রেলে সিসিটিভির ক্যামারায় চার সন্দেহভাজন বোমা হামলাকারীর ছবি সনাক্ত করা হয়েছে। তাদের তিনজন পশ্চিম ইয়র্কশায়ারের বাসিন্দা। পুলিশ লিডসে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করে।
একটি সূত্র জানায়, সন্দেহভাজন বোমা হামলাকারীদের একজনের বয়স ১৯। তাকে একাজে যে ব্যক্তি সহায়তা করেছে সে বোমা হামলার আগেই দেশ ত্যাগ করেছে বলে পুলিশ আশংকা করছে। বোমা হামলার সাথে আন্তর্জাতিক যোগাযোগের ব্যাপারটিও খতিয়ে দেখছে নিরাপত্তা কর্মীরা।
পুলিশ জানায়, হামলাকারীদের তিনজন লিডস থেকে লোটন আসে। সেখানে চতুর্থ ব্যক্তির সাথে তারা মিলিত হয়। লোটন রেলওয়ে স্টেশনের বাইরে একটি গাড়িতে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। হামলাকারীদের একজন আত্মীয়কে আটক করেছে পুলিশ। বোমা হামলায় নিহত ৫২ জনের মধ্যে ১১ জনকে প্রাথমিকভাবে চিহিৃত করা গেছে।
