সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানালেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত সপ্তাহে লন্ডনের বোমা হামলাকে বিশ্বের সভ্য সমাজের ওপর হামলা বলে বর্ণনা করেছেন।
ভার্জিনিয়ার এফবিআই একাডেমিতে বক্তৃতাকালে তিনি আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। শত্র“র আস্তানায় সন্ত্রাসবিরোধী লড়াইকে নিয়ে যেতে হবে। আমরা শত্র“র বিরুদ্ধে লড়াই শুরু করেছি, তাদের পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
বুশ বলেন, লন্ডনে বোমা হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রয়োজন রয়েছে। তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেন্যদের কার্যক্রম ও সাফল্যের প্রশংসা করে বলেন, আল কায়েদা জঙ্গিদের নির্মূল করতে হলে আক্রমণাত্মক হয়ে সবসময় তাদেরকে দৌড়ের মধ্যে রাখার কৌশল অবলম্বন করতে হবে।
তিনি বলেন, আমরা এবং আমাদের জোট শক্তি যদি তাদের সার্বক্ষণিক দৌড়ের মধ্যে থাকতে বাধ্য রাখি তাহলে তারা পাল্টা আক্রমণ পরিকল্পনার সুযোগ পাবে না।
কোয়ানটিকোতে এফবিআই সদস্য, নৌসেনা এবং জরুরি বিভাগের এক হাজার কর্মকর্তার উদ্দেশে বক্তৃতাকালে বুশ ব্রিটিশ জনগণের প্রতি আমেরিকানদের সমর্থনের কথা জানান। তিনি বলেন, ব্রিটেনবাসীদের এ দুঃসময়ে আমেরিকানরা তাদের পাশে আছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বিংশ শতাব্দীতে একনায়কতান্ত্রিক শক্তিকে পরাজিত করেছে, একবিংশ শতাব্দীতে এসে এখন তারা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের সন্মুখ সমর ক্ষেত্র হচ্ছে এখন ইরাক। এ অঞ্চলে জঙ্গিদের নির্মূলের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি।
বুশ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্রচর্চা, মুক্তচিন্তার প্রসার ও শান্তির পক্ষে জনমত প্রতিষ্ঠিত হলে সন্ত্রাসীরা তাদের সমর্থন হারাবে। পৃষ্ঠপোষকতার অভাবে সন্ত্রাসী গোষ্ঠীতে নতুন অন্তর্ভুক্তিও কঠিন হবে। এর ফলে এ অঞ্চলে ঘাঁটি গেড়ে যুক্তরাষ্ট্র বা মিত্রশক্তির ওপর হামলার স্বপ্নও ভেস্তে যাবে।
