২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে বাকিয়েভের জয়

কিরগিজস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সাবেক বিরোধী দলীয় নেতা কোরমানবেক বাকিয়েভ সেদেশের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গত মার্চে দুর্নীতি এবং দুঃশাসনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট আসকর আকায়েভকে জোর করে পদত্যাগে বাধ্য করার পর বাকিয়েভ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

নির্বাচন কমিশন জানায়, শতকরা ৫০ ভাগ ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করে এবং বাকিয়েভ শতকরা ৯০ ভাগ সর্মথন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাকিয়েভের বিরোধী শক্তি সাবেক প্রধানমন্ত্রী ফেলিক্স কুলভের সাথে একটি সমঝোতা চুক্তির কারণেই এ বিশাল জয় সম্ভব হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়।

নতুন সরকারে প্রধান মন্ত্রী হওয়ার নিশ্চয়তা পাওয়ার পর কুলভ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তানের অনেকেই অভিযোগ করেন যে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিপক্ষে শক্তিশালী কোনও প্রার্থীই ছিল না। নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী পাঁচ জন প্রেসিডেন্ট প্রার্থীর কেউই ব্যাপক পরিচিত ছিলেন না। তার নিকটতম প্রতিদ্বন্ধী শতকরা ৩ ভাগ মাত্র ভোট পেয়েছেন।

বাকিয়েভ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক তাদের অধিকার অনুযায়ী পছন্দের লোককে ভোট দিয়েছে। কেউ কারো ওপর ভোট প্রদানে চাপ বা হুমকি দেয়নি।

ইউরোপের নিরাপত্তা ও সহায়তা প্রতিষ্ঠান (ওএসসিই) নির্বাচন প্রত্যক্ষ করার জন্য প্রায় তিনশ’ পর্যবেক্ষক পাঠিয়েছিল কিন্ত তাদের মতামত সোমবার পর্যন্ত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়াও কিরগিজস্তানের নির্বাচন পর্যবেক্ষণ করেছে।