ছয় জাতি আলোচনায় ফিরে যাচ্ছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পরমাণু ইস্যু নিয়ে ছয়জাতি আলোচনায় ফিরে যাচ্ছে। শনিবার সরকার নিয়ন্ত্রিত বার্তাসংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।
এদিকে চীনে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, উত্তর কোরিয়ার ছয় জাতি বৈঠকে ফিরে আসার ঘোষণা পরমাণু সংক্রান্ত আলোচনার একটি প্রাথমিক পদক্ষেপ।
শনিবার রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওঝিয়াংয়ের সাথে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, ভবিষ্যতে মূলত প্রধান ইস্যু অর্থাৎ পরমাণু নিয়েই আলোচনা হবে। গত ফেব্র“য়ারিতে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
পিয়ংইয়ং পরমাণু কর্মসূচি স্থগিত করার আগে সাহায্য সহযোগিতা এবং নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে।
রাইসের সাথে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোরিয়া উপদ্বীপে পরমাণু ইস্যু নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব।
এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী জিয়ান জিয়াবাওয়ের সাথে সাক্ষাৎ করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে ছয়জাতি বৈঠক ২৫ জুলাই শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের কারণে উত্তর কোরিয়া গত ১৩ মাস নিজেদের আলোচনা থেকে প্রত্যাহার করে নেয়।
চীন সফর শেষে কন্ডোলিৎসা রাইস থাইল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করবেন।
