লন্ডনে হামলার পর আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি
লন্ডনে বোমা বিস্ফোরণের অর্থনৈতিক প্রভাব এবং হাইতিতে হ্যারিকেন আঘাতের কারণে মেক্সিকো উপসাগরে তেল সরবরাহে অনিশ্চয়তার কারণে শুক্রবার অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
সিঙ্গাপুরে শুক্রবার তেলের দাম ব্যারেল প্রতি ৪৬ সেন্ট বেড়ে যায়। শুধু তাই নয়, অপরিশোধিত গ্যাসের দামও সামান্য পরিমানে বৃদ্ধি পেয়েছে।
লন্ডনেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৭০ সেন্ট, যার কারণে ব্যারেল প্রতি তেল ৫৯ দশমিক ৯৮ ডলারে বিক্রি হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে তেলের দাম পাঁচ ডলার হ্রাস পায়। লন্ডনে বোমা হামলার পরিপ্রেক্ষিতে পর্যটক কমে যাওয়ার আশংকায় অর্থনৈতিক মন্দাভাব দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রে তেলের মূল্য পতন ঘটে।
বৃহস্পতিবার লন্ডনের সাবওয়েতে এবং যাত্রিবাহী ডাবল ডেকার বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫০ জন নিহত এবং ৭০০ জন আহত হয়।
বিশ্লেষকরা বলছেন, লন্ডনে হামলার পর থেকে আর্ন্তজাতিক তেলের বাজারে প্রচন্ড ধাক্কা লাগে। এমনই পরিস্থিতিতে তেল ব্যবসায়ীরা মূল্য পতন শুরু হওয়ার আগে মুনাফা করে নিচ্ছেন।
অন্যদিকে মেক্সিকোর গালফে হারিকেন ডেনিস আঘাত হানার কারণে তেল ব্যবসায়ীরা আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আশংকা করছেন, ঝড়ের কারণে সেখানকার তেল শোধানাগারে উৎপাদন ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবারের হারিকেনে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার জন নিহত হয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস মোতাবেক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে লুসিয়ানার যে কোন স্থানে রোববার থেকে সোমবারের মধ্যে প্রবল ঝড় আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি অধিদপ্তরের এক প্রতিবেদনে জানা যায়, লন্ডনে হামলার ঘটনার পর সেখানে অপরিশোধিত তেলের উত্তোলন সামান্য পরিমান হ্রাস পেয়েছে।
গত সপ্তাহে বিশ্বে তেলের উত্তোলন ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।
