২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাহিনীর মত ইরাকি নিরাপত্তা বাহিনীও আমাদের শত্রু : জারকাবি

ওয়েব সাইটে সদ্য প্রকাশিত এক অডিও টেপে ইরাকের শীর্ষ আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবি বলেছেন, মার্কিন বাহিনীর মত ইরাকি বাহিনীও আমাদের শত্রু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বুধবার ওয়েবসাইটে প্রকাশিত অডিও টেপে তিনি একথা বলেন।

অডিও টেপে আল-কায়দা নেতা ইরাকের সবচে’ বড় শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করতে একটি নতুন বাহিনীর তৈরি করার ঘোষণা দিয়েছেন।

এর আগে জারকাবি ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান নিয়ে চরম বিরোধিতা করলেও প্রথমবারের মত তিনি ইরাকি বাহিনীর ওপরও বিদ্রোহীদের হামলার নির্দেশ দিলেন।

বার্তা সংস্থাগুলো জানায়, অডিওটেপের বক্তব্য দেখে মনে হচ্ছে তিনি ইরাকের বিদ্রোহী গ্রুপকে সরকারের সাথে আলোচনায় বসতে নিরুৎসাহিত করছেন।

জারকাবি অডিওটেপে বলেন, ‘কেউ কেউ বলে থাকে ইরাকে সহিংসতায় দুটি পক্ষ জড়িত রয়েছে। এর মধ্যে একপক্ষ দখলদারিত্বের বিরুদ্ধে এবং আরেক পক্ষ দখলদারিত্বের পক্ষে।’

তিনি বলেন, ‘ইরাকি সেনাবাহিনীকে আমরা শত্রু বলে মনে করি । কারণ তারা স্বপক্ষ ত্যাগ করে ভাড়াটেদের পক্ষ হয়ে ইরাকে যুদ্ধ চালাচ্ছে। তারা ইসলাম ধ্বংসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ইরাকের জনগণ আর কতদিন জিহাদ থেকে নিজেদের সরিয়ে রাখবে।’

তবে জারকাবির এ টেপের ব্যাপারে মার্কিন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।