১২ মিনিটে ৪৯ হট ডগ খেয়ে রেকর্ড গড়লেন জাপানের কোবায়াশি
হট ডগ খাওয়ার প্রতিযোগিতায় এ নিয়ে পরপর পাঁচবার বিজয়ী হলেন জাপানের তাকিরু কোবায়াশি। এবার নিজের গত বছরের রেকর্ডও ভাঙলেন তিনি।
নাথান’স ফেমাসের হট ডগ খাওয়া প্রতিযোগিতায় সোমবার কোবায়াশি মাত্র ১২ মিনিটে গবগব করে সাবার করে দিলেন ৪৯ টি হট ডগ। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নাথান’স ফেমাসের লোভনীয় পুরস্কার মাস্টার্ড ইয়েলো বেল্ট এ নিয়ে দশবারের মধ্যে নয়বারই জাপান ছিনিয়ে নিল। ১৯৯৯ সালে একবার মাত্র জিতেছিলেন আমেরিকার নিউজার্সির স্টিভ কেইনার।
জাপানের নাগানো এলাকার বাসিন্দা কোবায়াশির (২৭) ওজন ১৪৪ পাউন্ড। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি চতুর্থবার বিজয়ী হন। ওই সময় তিনি সাড়ে ৫৩ টি হটডগ খেয়েছিলেন। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার কোবায়াশির সাথে প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন কালো বিধবা হিসেবে পরিচিত আলেকজান্দ্রিয়ার সোনিয়া থমাস। একই সময়ের মধ্যে ৩৭ টি হট ডগ গিলে তিনি গড়েছেন আমেরিকান রেকর্ড।
হট ডগ খাওয়ার এ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় কনি দ্বীপে ১৯১৬ সালে। কনি দ্বীপের নাথান’সের বাইরে গত দশ বছর ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
