২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি নির্যাতনের ব্যাপারে ইরাকি সরকারের স্বীকারোক্তি

ইরাকের নিরাপত্তা বাহিনীর নতুন নিয়োগ করা কিছু সদস্য বন্দি নির্যাতনের সাথে জড়িত বলে ইরাকি সরকার স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 12:39 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সংবাদপত্রে এ ধরনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবৈধ আটক, বন্দি নির্যাতনের ব্যাপারে ইরাকি সরকারের একজন মুখপাত্র বলেছেন, সাদ্দাম হোসেনের শাসনামলে যা ঘটেছে এটা তারই একটা অংশ।

ইরাকি সরকারের মুখপাত্র লেইথ কুবা আরও বলেন, ‘সরকারের কোন অনুমাদন কিংবা নীতির কারণে নির্যাতনের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি নিয়ে মন্ত্রীরা বেশ চিন্তিত।’

তিনি বলেন, খুবই কষ্ট অনুভব করছি যে, আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজ সহিংসতা স্বীকৃতি দিচ্ছে। আমরা দুঃখিত যে, আমাদের সমাজে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ছে।

ছয়মাস আগে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান ওয়াচ অভিযোগ করে বলেছিল, ইরাকে নিরাপত্তা বাহিনীর অত্যাচার এখন রুটিনমাফিক ও নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উভয়দেশই ইরাকের নিরাপত্তা বাহিনীর হত্যা ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, সাদ্দাম শাসনামলের নির্যাতিত সদস্য যারা নিরাপত্তা বাহিনীতে কর্মরত রয়েছে তারাই মূলত নির্যাতনের সাথে জড়িত রয়েছে।

আমেরিকা বলছে, ইরাকে যেখানে গৃহযুদ্ধ আসন্ন সেখানে জাতিগত সহিংসতা যথেষ্ট উদ্বেগের বিষয় হিসেবে দেখা দিয়েছে।

একজন কুর্দি ইসলামিক নেতা পার্লামেন্টে অভিযোগ করেছেন যে, দুই সপ্তাহ আগে পুলিশ হেফাজতে থাকাকালে তিনি নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কুর্দি নেতা মোহাম্মদ হামিদ কাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলী আল খাফাজি বার্তা সংস্থার কাছে নিরাপত্তা বাহিনী দ্বারা কোন ধরনের বন্দি নির্যাতন কিংবা হত্যার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমরা সাদ্দাম শাসনামলের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। সাদ্দামের আমলে আমরা নির্যাতিত হয়েছি। কিন্তু আমাদের শাসনামলে আমরা সেটা প্রয়োগ করতে চাই না।

সরকারের মুখপাত্র কুবা বলেছেন, ইরাকের নতুন সরকার নিরাপত্তা বাহিনীকে মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।