২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানদের সাথে সংঘর্ষে সেনাসহ ২০ জন নিহত

মধ্য আফগানিস্তানের একটি পাহাড়ি এলাকায় সন্দেহভাজন তালেবান যোদ্ধাদের সাথে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে কমপক্ষে ১৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এসময় তালেবান জঙ্গিদের পাল্টা হামলায় ২ আফগান সেনাও নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 02:18 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আফগানিস্তানের উরুজগান প্রদেশের গভর্নর জান মোহাম্মদ খান বলেন, শুক্রবার চরচিনো জেলার পাহাড়ি এলাকায় সন্দেহভাজন তালেবান জঙ্গিদের একটি ঘাঁটি তল্লাশী করতে গেলে তালেবানদের সাথে আফগান নিরাপত্তার বাহিনীর সদস্যদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ১৮ তালেবান সদস্য এবং ২ আফগান সদস্য নিহত হয়।

আফগান নিরাপত্তা বাহিনী জানায়, চরচিনো জেলার পাঁহাড়ি এলাকায় কমপক্ষে শতাধিক তালেবান যোদ্ধা লুকিয়ে রয়েছে। তালেবান জঙ্গিদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

জান মোহাম্মদ খান একটি বার্তা সংস্থাকে আরও বলেন, “পাহাড়ি এলাকায় এখনো অনেক তালেবান লুকিয়ে রয়েছে। আমরা তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।”

উরুজগান প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন মারা যাওয়ার পর এক সপ্তাহ পর আফগান নিরাপত্তা বাহিনী আবার এ অভিযান চালাল।