২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সমুদ্র তলদেশীয় ক্যাবলে ক্রটি, বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বাধাগ্রস্ত

পাকিস্তানের সাথে বহির্বিশ্বে যোগাযোগের জন্য সমুদ্র তলদেশীয় ক্যাবল ব্যবস্থায় সোমবার রাতে মারাত্মক ত্রুটি দেখা দিলে তথ্য আদান-প্রদান, ইন্টারনেটসহ টেলি যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

উচ্চ প্রযুক্তির এই পদ্ধতি বিকল হওয়ায় পাকিস্তান কার্যত সকল তথ্য আদান-প্রদানে বর্হিবিশ্বের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমান ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে।

মঙ্গলবার রাত পর্যন্ত ক্যাবল সারানো সম্ভব হয় নি। ফলে পাকিস্তানের সাথে বিদেশে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

তবে ক্যাবল ক্ষতিগ্রস্ত হলেও করাচি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলেছেন, নিজস্ব অভ্যন্তরীন বানিজ্যিক ব্যবস্থা থাকায় পাকিস্তানের প্রধান ব্রাউজ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়নি। সমুদ্র গর্ভস্থ ক্যাবলে পাওয়ার সরবরাহে সমস্যার কারণে সমস্যা দেখা দিয়েছে বলে জানায় সংযোগ পরিচালনাকারী প্রতিষ্ঠান পাকিস্তান টেলিকমিউনিকেশন লিমিটেডের কর্তৃপক্ষ।

সংযোগ ব্যবহারকারী পাশ্ববর্তী দেশ যেমন, ভারত, দুবাই এবং ওমানের সাথে টেলিযোগাযোগ এবং তথ্য সরবরাহ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উল্লেখিত দেশসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ করা হচ্ছে এবং বুধবার ভোর ৪টায় মেরামত কাজ পুনরায় শুরু করা হয়েছে।

টেলিযোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট কিছুটা সচল রাখতে পাকিস্তান টেলিকমিউনিকেশন লিমিটেড স্যাটলাইট ব্যাক-আপ দেয়ার চেষ্টা করলেও অতিরিক্ত ধীর গতির কারণে অনেকেই তা ব্যবহার করতে পারে নি।