ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী ১০ বছরের জন্য একটি প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা চুক্তির মধ্যে রয়েছে নতুন ধরনের প্রযুক্তি হস্তান্তর, যৌথভাবে গবেষণা এবং উন্নয়ন। বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুদেশের নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোই চুক্তির মূল লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, উভয়পক্ষই সম্মত হয়েছে যে, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ কাঠামোতে দাঁড়াতে পারে। দু’দেশের মধ্যে সাধারণ মৌলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অক্ষুণ্ন রেখে সম্পর্ক জোরদারের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন যুগে প্রবেশ করবে।
বিবৃতিতে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশ পরস্পরকে সামরিক সহায়তা দেবে। আর এটা হলো দুদেশের প্রতিরক্ষা কর্মসূচির সবচে’ বড় একটি অংশ।
বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষার ক্ষেত্রে উভয়দেশের সহযোগিতা অভূতপূর্ব স্তরে উন্নীত হয়েছে। এছাড়া দু’পক্ষই মিসাইল প্রতিরক্ষা সংক্রান্ত পারস্পরিক সাহায্য সহযোগিতা বাড়াতে বদ্ধপরিকর।
বিবৃতিতে দু’দেশের মধ্যে মৌলিক বিষয়গুলো এবং সন্ত্রাসবাদের দমনে সামরিক সম্পর্ক বৃদ্ধি এবং যৌথ সামরিক মহড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে দু’দেশ কাজ করতে সম্মত হয়েছে।
