এয়ার শো: ইউক্রেনে দুই পাইলটের জেল
ইউক্রেনের একটি সামরিক আদালত ২০০২ সালে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় শুক্রবার দুই পাইলটকে ১৪ এবং আট বছরের কারাদন্ড দিয়েছে।
ইউক্রেনের পশ্চিমে লাভিব এলাকার কাছে সুখোই সু-২৭ যুদ্ধ বিমানটি ভূমিতে আঘাত হেনে বিস্ফোরিত হলে ৭৭ জন নিহত হয় এবং দুই ডজনেরও বেশি শিশু আহত হয়।
এটিই হচ্ছে বিশ্বে মহড়াকালীন সবচে’ বড় ধরণের প্লেন দুর্ঘটনা।
রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে কিয়েভের সামরিক আদালত উক্ত দুই পাইলটসহ তিন সেনা কর্মকর্তাকে আদেশ অমান্য, অবহেলা এবং ফ্লাইটের নিয়মনীতি লঙ্ঘন করার দায়ে এই শাস্তি দিয়েছেন।
তদন্ত কমিটি জানায়, পাইলটরা খুব নিচু দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিমানটি চালাচ্ছিল।
সামরিক আদালত পাইলট ভ্লাদিমির তোপোনারকে ১৪ বছর এবং তার কো-পাইলট ইউরী ইয়েগোরোভকে আট বছরের জেল দিয়েছে।
এছাড়া পাইলট তোপোনারকে ক্ষতিপূরণ হিসাবে ১.৪২ মিলিয়ন মার্কিন ডলার এবং ইয়েগোরোভকে ২. ৫ মিলিয়ন স্থানীয় মুদ্রা দিতে হবে।
পাইলট ইউনিটের ১৪ তম এভিয়েশন কর্পোরেশনের দুই কমান্ডারকেও আদালত ছয় বছরের জেল এবং ইউনিটের প্রধান ফ্লাইট সিকিউরিটিকে চার বছরের জেল দিয়েছে। তাদেরকেও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
ক্রু’র প্রধান প্রশিক্ষককে নির্দোষ প্রমাণের জন্য বেকসুর খালাস দেয়া হয়েছে।
পাইলট তোপোনার বিমান দুর্ঘটনায় উক্ত লোকদের মৃত্যুর দায়-দায়িত্ব অস্বীকার করে বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
পাইলট তোপোনার জানান, তিনি ইউক্রেনের সুপ্রীম কোর্টে আপীল করবেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশগুলোতে এই ঘটনা ছিল বহুল আলোচিত। আগামী দুই সপ্তাহের জন্য সব যুদ্ধ বিমানের ফ্লাইট বন্ধ রাখা হবে।
