২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের আর্থিক সামর্থ্যে আতঙ্কিত যুক্তরাষ্ট্র

বুশ প্রশাসন কিংবা অনেক কংগ্রেস সদস্যেরই এখন দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, চীনের অর্থনেতিক ভিত্তি খুবই মজবুত। সহজে টলবার নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ক্যালিফোর্ণিয়া ভিত্তিক তেল এবং গ্যাস কোম্পানী ইউনোকল-এর মালিকানা কিনে নেওয়ার জন্য চীনের রাষ্ট্রপরিচালিত একটি তেল কোম্পানী সাড়ে ১৮ বিলিয়ন ডলার দাম তুলেছে। এতে মার্কিন প্রশাসন ও আইনপ্রণেতাগণ হতবিহ্বল হয়ে পড়েছেন। তারা এর সুদূরপ্রসারী প্রভাবের কথা চিন্তা করে আতঙ্ক বোধ করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইউনোকল বিক্রয়ের চুক্তিপত্র এখনও স্বাক্ষর হয়নি। কিন্তু এ নিয়ে দু:শ্চিন্তার শেষ নেই। মার্কিনীদের ধারণা ইউনোকল ক্রয়ের মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রের বাজার দখলের বড় সুযোগ পেয়ে যাবে। অনেক আইনপ্রণেতা এ বিক্রীর বিরোধিতা করে বলেন, চীনের হাতে ইউনোকলের নিয়ন্ত্রণ গেলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে।

যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য বৈষম্য নিয়ে এমনিতেই দুই দেশের মধ্যকার সর্ম্পকের টানাপেড়েন চলছে। চীন যুক্তরাষ্ট্রে বৃহত্তম রফতানীকারক দেশ। গত বছর দুই’শ বিলিয়ন ডলারের অধিক বাণিজ্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে। বুশ প্রশাসন অর্থনৈতিক লক্ষ্য অর্জনে চীনের সাথে বাণিজ্যে একটি সমতা আনতে গত দু’বছর যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের মুদ্রামান বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র চাপও দিয়েছিল। এর ফলে ডলার মুদ্রামানে চীন থেকে দ্রব্য আমদানী ব্যয়বহুল হয়ে দাঁড়াত। কিন্ত চীন এতে রাজী হয়নি। কংগ্রেস সদস্যরা তখন চীন থেকে আমদানীর উপর অধিক কর আরোপের প্রস্তাব দেয়।

চীনের তৃতীয় বৃহত্তম তেল কোম্পানী চায়না ন্যাশনাল অফসোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি) বাণিজ্যের জন্যই এতো বিশাল অঙ্কের টাকা লগ্নি করছে। বিদেশী কোম্পানী হিসেবে তারা ইউনোকলের মালিক হলেও ইউনোকলের একজন শ্রমিক বা কর্মচারীকে ছাঁটাই করা হবে না বলে সিএনওওসি জানায়।