২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ব্যাপক বন্যা, নিহত ৮০

গত কয়েকদিনের ভারী বর্ষণে চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যার ব্যাপকতায় ৮০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮ জন নিখোঁজ রয়েছে। ৭ লাখ লোক তাদের বাড়ীঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার চায়না ডেইলী এ সংবাদ প্রকাশ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 12:02 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে বৃষ্টি আরও বাড়বে এবং সার্বিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। প্রবল বর্ষণে জিঝিয়াঙ নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং গোয়াংজি অঞ্চলেই ৩২ জন মারা যায় এবং ২৩ জন নিখোঁজ হয়। এখান থেকে ৩৩০,০০০ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি বিপদ সীমা খেকে ৯ মিটার উচুঁতে প্রবাহিত হচ্ছে।

চীন সরকার বন্যা দুর্গত এলাকায় ২ হাজার সৈন্য পাঠিয়েছে এবং জরুরি ত্রাণ তহবিল থেকে ২৪ লাখ ডলার বরাদ্দ দিয়েছে।

বন্যা এবং ভুমিধ্বসে গোয়াংডং এবং ফুজিয়ান প্রদেশে ৪৮ জন মারা গেছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছে। এ অঞ্চল থেকে সাড়ে ৩ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে উত্তরপূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশে আকস্মিক এক বন্যায় নিম্নাঞ্চলের একটি প্রাইমারী স্কুল ভাসিয়ে নেয় এবং ১১৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১০৫ জনই ছিল স্কুল ছাত্র এবং শিশু।

প্রবল বন্যায় বেজিং-হংকং রেলওয়ে ডুবে গেছে এবং প্রায় ২০ হাজার ভ্রমণকারী আটকা পড়েছে। গুয়ানঝো বিমানবন্দরে হাজার হাজার যাত্রী উড্ডয়নের অপেক্ষায় রয়েছে।