২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সরকার ধর্ষিতা মুক্তারা মাইয়ের পাসপোর্ট কেড়ে নিয়েছে: যুক্তরাষ্ট্র

পাকিস্তান সরকার সেদেশে গণধর্ষিতা মুক্তারা মাইয়ের পাসপোর্ট কেড়ে নিয়েছে। গত সপ্তাহে পাকিস্তান জানিয়েছিলো মুক্তারা মাই যে কোনও দেশ সফর করতে পারবেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 02:26 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এডাম ইরেলি ওয়াশিংটনে বলেন, “পাকিস্তান সরকার মুক্তারা মাইয়ের পাসপোর্ট কেড়ে নিয়েছে।” তবে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো হওয়ার কারণে ওয়াশিংটন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে দোষারুপ করেনি। তিনি আরও বলেন,“ আমরা পাকিস্তানকে জানিয়েছি যে, তার মুক্তভাবে চলাফেরার প্রয়োজন রয়েছে। আমরা তার মৌলিক বিয়য়গুলোকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছি।”

আন্তর্জাতিক প্রচার মাধ্যম ও যুক্তরাষ্ট্রের চাপে গত সপ্তাহে পাকিস্তান মোক্তারা মাইয়ের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। মুক্তারা মাই ২০০২ সালে পাকিস্তানের একটি প্রত্যন্ত গ্রামে গণধর্ষণের শিকার হন।

গণধর্ষণে জড়িত ১২ জন কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরই মুক্তারা মাই পাকিস্তান সরকারের কাছে বিদেশ ভ্রমণের অনুমতি দাবি করেন। তিনি যুক্তরাষ্ট্র সফরে আসলে স্বাগত জানাবে বলে জানিয়েছে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট।

সন্ত্রাস বিরোধী অভিযান বিশেষ করে আল-কায়দা নির্মুলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র এডাম ইরেলি জোর দিয়ে বলেন, মোক্তারা মাইয়ের স্বাধীনভাবে চলাফেরার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে। তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস গত সপ্তাহে মোক্তার মাইয়ের প্রসঙ্গটি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খোরশেদ মাহমুদ কাসুরির সাথে আলাপ আলোচনা করেছেন।

তিনি বলেন, “রাইস স্পষ্টভাবে বলেছেন, মোক্তার মাই যে কোন সময়ে যুক্তরাষ্ট্র সফরে আসতে পারেন এবং পাকিস্তান সরকারকে এটা নিশ্চিত করতে হবে তার সফরে ব্যাপারে কোন ধরনের প্রতিবন্ধকতা আরোপ করা হবে না।”

পাকিস্তানকে একটি উদার এবং প্রগতিশীল রাষ্ট্র হিসেবে সুপরিচিত করতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোমাররফ চেষ্টা চালালেও, মুক্তারা মাইয়ের ঘটনায় পাকিস্তান বর্হিবিশ্বে ইমেজ সংকটে ভুগছে।