‘চাচ্চু’ পারভেজ মোশাররফ
পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ হো চি মিনের জীবনী পড়ে অনুপ্রেরণা লাভ করেছেন কি না তা জানার কোনও তাৎক্ষণিক উপায় আমাদের হাতে নেই। তবে তিনি আঙ্কল হো-এর মত আঙ্কল পারভেজ কিংবা আঙ্কল মোশাররফ হতে চান।
কারণ তিনি পাকিস্তানি শিশুদের উদ্দেশ্যে বলেছেন তাকে যেন ‘চাচ্চু’ হিসেবে সম্বোধন করা হয়, ‘প্রেসিডেন্ট’ হিসেবে নয়।
তিনি বলেন, সবচেয়ে দুষ্টু শিশুকেই তার বেশি পছন্দ, কারণ ছোটবেলায় তিনিও কারও চেয়ে কম দুষ্টু ছিলেন না।
শিশুদের দুষ্টুমিকে সমর্থন দিয়ে মোশাররফ বলেন, ছোটবেলায় আমি দুষ্টুমি আর ঝগড়ায় অন্যদের চেয়ে সবসময় এক ডিগ্রি বেশি এগিয়ে থাকতাম।
বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে একটি টিভি চ্যানেলে পাঠানো শিশুদের প্রতি প্রেসিডেন্টের বাণী থেকে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বার্তাসংস্থা জানায়, বুড়োরাই যখন দুষ্টুমি করে তখন শিশুরা কেন করবে না!
নিজের ছেলেমেয়ের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ করে মোশাররফ বলেন, আমি সবসময় তাদের বন্ধুর মতো এবং তাদের দুষ্টুমিসহ সব ধরনের ক্রিয়াকলাপেই আমি যোগ দেই।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি মন্তব্য করেন, পাশ্চাত্যের শিশুরা বড়দের সম্মান করে না। সেদিক থেকে আমাদের সমাজ অনেক বেশি শুভবোধ সম্পন্ন।
