ইরাকে পৃথক গেরিলা হামলায় ২৬ জন নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ পুলিশ সদস্য নিহত ও শতাধিক আহত হয়েছে।
এছাড়া একই সময়ে বাগদাদের আরেকটি পুলিশ স্টেশনে গেরিলা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হামলাকারীরা সোমবার সকালে গাড়ি চালিয়ে কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলে একটি ট্রাফিক পুলিশ নিয়োগ কেন্দ্রে ঢুকে আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালায়। গাড়ি নিয়ে প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীরা বেপরোয়া গুলি চালালেও গাড়ির গতিরোধ করতে পারেনি।
বাগদাদের দক্ষিণে বায়া এলাকায় একটি পুলিশ স্টেশনে একই সময়ে বিদ্রোহীরা গ্রেনেড হামলা চালালে কমপক্ষে ছয়জন নিহত হয়।
রোববার ইরাকের রাজধানী বাগদাদের একটি রেস্তোঁরায় আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হওয়ার একদিন পর ইরবিলে এই হামলার ঘটনা ঘটল। ইরাকের আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবির গ্রুপ রোববারের হামলার দায়িত্ব স্বীকার করেছে।
গত এপ্রিল মাসে ইরাকে নতুন সরকার গঠনের পর হামলা অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই হামলাগুলো চালানো হচ্ছে।
