বিমর্ষ ইইউ নেতৃবৃন্দ ওয়াশিংটন যাচ্ছেন
ইউরোপিয়ান ইউনিয়ন মতানৈক্যের বেড়াজালে আটকা পড়েছে। ইইউ’র ভবিষ্যতও যথেষ্ট সংকটাপন্ন। সংকটের কারণে বিশ্ব রাজনীতিতে ইইউ’র ভূমিকা অব্যাহত রাখা যাবে কি না সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শলাপরামর্শের জন্য ইইউ নেতারা ওয়াশিংটন যাচ্ছেন।
প্রেসিডেন্ট বুশ সোমবার ওয়াশিংটনে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হবেন। শুক্রবার পর্যন্ত ইইউ নেতারা বাজেট ও সংবিধান প্রশ্নে কোনও কার্যকর সমাধানে আসতে না পারায় জোটটি হুমকির মুখে পড়েছে।
ইইউ প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার, ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো এবং ইইউ’র বৈদেশিক নীতি প্রধান হাভিয়ার সোলানা এই বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ ও জাতিসংঘের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
ফ্রান্স ও নেদারল্যান্ডের ইউ সংবিধান নাকচ করে দেয়া এবং গত সপ্তাহের বাজেট বিতর্ককে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার ফলে জোটের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। এ সমস্যার সমাধানের পথও বৈঠকে খোঁজা হবে।
ব্রাসেলসের ইউরোপিয়ান পলিসি সেন্টারের রাজনৈতিক পরিচালক জন পামার জোট নেতাদের এ বিভাজন বিশ্বে ইইউ’র ভাবমূর্তিকে ক্ষুণœ করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতিতে ইইউকে সহায়তা করতে চায় বটে, তবে ফায়দাও চায়। চলমান সংকট বিশ্ব রাজনীতিতে ইইউ’র শক্তি কমিয়ে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে সে দুর্বল হয়ে পড়েছে।
এই মানসিক দ্বন্দ্বের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। রক্ষণশীল মার্কিনীরা উদ্ভূত পরিস্থিতিতে বেজায় খুশি।
