মার্কিন বিমান হামলায় ৪০ ইরাকি জঙ্গি নিহত
সিরীয় সীমান্তবর্তী এলাকায় দখলদার মার্কিন বাহিনীর বিমান হামলায় শনিবার কমপক্ষে ৪০ ইরাকি জঙ্গি নিহত হয়েছে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৮৩ জন নিহত হয়েছে।
ইরাকের কারাবিল্লাহ’র কাছে সশস্ত্র জঙ্গিরা অস্ত্রের মুখে সাধারণ নাগরিকদের একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় মার্কিন সেনারা ৭টি শক্তিশালী মিসাইল ছুঁড়লে জঙ্গিদের সবাই নিহত হয় হয়।
জঙ্গিদের কাছে একে-৪৭ রাইফেল, মেশিন গান ও রকেট চালিত গ্রেনেড লঞ্চার পাওয়া গেছে। তবে এ ঘটনায় সাধারণ নাগরিকদের হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওই অঞ্চলটি ইসলামি বিদ্রোহীদের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে পরিচিত। এখানে তারা প্রায়ই মার্কিন ও ইরাকি নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে থাকে।
বৃহস্পতিবার পর্যন্ত ইরাকের অস্থিতিশীল আনবার প্রদেশে ৭ জন মেরিন মারা গেছে এবং ২১ জন ইরাকিকে শিরচ্ছেদ ও গুলি করে মারা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা গত বুধবার বাগদাদের একটি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ২০ ইরাকি সৈন্য।
ইরাকের আশেপাশের এলাকাতেও আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে শনিবার কমপক্ষে ৩৫ জন মারা গেছে।
