ভারতে ধনী লোকের সংখ্যা বাড়ছে
ভারতে ধনী লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। হাই নেট ওয়র্থ ইনডিভিজ্যুয়াল বা এইচএনআই-এর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে।
এক জরিপে দেখা গেছে ২০০৪ সালে ভারতে ধনী লোকের তালিকায় আরও ৯ হাজার নতুন সদস্যের নাম উঠেছে। গত বছর ধনাঢ্য ব্যক্তিদের সংখ্যা ছিল ৬১ হাজার, তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজারে ।
মেরিল লিন্চ/ক্যাপজেমিনি ওয়ার্ল্ড-এর রিপোর্টে দেখা গেছে পৃথিবীতে বর্তমানে ৮ দশমিক ৩ মিলিয়ন ধনী ব্যক্তি রয়েছে যাদের বাড়ি এবং পেনশনের অর্থ ছাড়াই বিনিয়োগের জন্য ১ মিলিয়ন বাড়তি অর্থ রয়েছে।
এর কারণ কী? বলা হচ্ছে ক্রমবর্ধমান জিডিপি হার, সুদের নিম্ন হার এবং বছরের দ্বিতীয় অর্ধে স্টক মার্কেটের উর্দ্ধগতি ব্যক্তি পর্যায়ে ধনী হওয়ার পথ সুগম করে দেয়।
মেরিল লিন্চ-এর রিপোর্টে আরও বলা হয় যে, গত বছর ধনী বিনিয়োগকারীরা ব্যক্তিগত সম্পত্তি খাতে বেশি বিনিয়োগ করেছে। কম বিনিয়োগ করেছে রিয়েল এস্টেট ও হেজ ফান্ডে।
উল্লেখ্য, ২০০৪ সালের মধ্যবর্তী সময়ে হঠাৎ ভারতের স্টক মার্কেটে ধ্বস নামলেও পরবর্তীতে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় সেখানকার ধনী ব্যক্তিরা।
ব্যক্তিগত সম্পদে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ গত বছর ১৩ শতাংশ থেকে ১৪ শতাংশে উন্নীত হলেও রিয়েল এস্টেট ব্যবসায় নিয়োজিত বিনিয়োগের হার ১৭ শতাংশ থেকে কমে ১৩ শতাংশ হয়।
