২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৭ দরিদ্র ১৮ দেশের ঋণ মওকুফের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে

বিশ্বের ১৮টি দরিদ্র দেশের ঋণ মওকুফের ব্যাপারে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে গ্রুপ অব সেভেন বা জি ৭-এর সদস্য দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশগুলোর সংগঠন জি-৭-এর অর্থমন্ত্রীরা দরিদ্র দেশগুলোর ৫০ বিলিয়ন মার্কিন ডলার বা ২৭ বিলিয়ন পাউন্ডেরও বেশি ঋণ মওকুফের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেন। শনিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

বৃটিশ চ্যান্সেলর অব এক্সচেকার গর্ডন ব্রাউন লন্ডনে চলমান জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে ঋণ মওকুফ সংক্রান্ত আলোচনায় যে অচলাবস্থা দেখা দিয়েছিল তার অবসান ঘটান।

এ সিদ্ধান্তের ফলে জি ৭-এর প্রধান হিসেবে বৃটেন একটি সফল পদক্ষেপ গ্রহণে সক্ষম হল। সেইসাথে আগামী মাসে গ্লিনিগলস-এ অনুষ্ঠেয় জি ৮-এর সম্মেলনের পথও উন্মুক্ত হল। তবে ঋণ মওকুফের এ প্রস্তাবের প্রকৃত রূপ ও প্রয়োজনীয় অর্থের সূত্র সম্পর্কে কিছু জানানো হয়নি। বৃটিশ ও মার্কিন সূত্র বলেছে শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃটিশ অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক থেকে বিশ্বের ৩৮ টি দরিদ্র দেশের গ্রহণকৃত তথাকথিত ‘মাল্টিলেটারাল ডেট’-এর ৪০ বিলিয়ন ডলার পর্যন্ত মওকুফ করা হবে। তহবিল কর্তৃপক্ষ অবশ্য বলছেন, তা ৫৫ বিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে।

গত মঙ্গলবার টনি ব্লেয়ার ও প্রেসিডেন্ট বুশের দেয়া নির্দেশনা অনুযায়ীই ঋণ মওকুফের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আইএমএফ, বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণ মওকুফের এ বিষয়টির সম্প্রসারণ দরিদ্র দেশগুলোর জন্য বাড়তি পাওনা বলা যেতে পারে।

১৯৯৬ সালে অতি ঋণগ্রস্ত দরিদ্র দেশসমূগের জন্য কর্মসূচি’র অধীনে ১৮ টি দরিদ্র দেশ ৪০ বিলিয়নের ডলার ঋণ পায়। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে সুশাসন কায়েমের লক্ষণ স্পষ্ট করতে পারলে আরও ৯টি দেশ ঋণ মওকুফের এ সুবিধা পাবে।