২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করা উচিত: জিমি কার্টার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, মানবাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষায় গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করা দরকার। দুদিনব্যাপী মানবাধিকার সংক্রান্ত একটি সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার আটলান্টায় তিনি একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জিমি কার্টার বলেন, “বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাহসী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেও তাতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। ইরাক, আফগানিস্তান ও গুয়ান্তানামো বন্দিশিবিরে বন্দি-নির্যাতনের কাহিনী একের পর এক ফাঁস হওয়ার ফলে মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে।”

কার্টার বলেন, গুয়ান্তানামো বন্দিশিবির এবং অন্যান্য আরও ২৪টি গোপনীয় বন্দিশালা অবিলম্বে বন্ধ করা উচিত।

তিনি প্রস্তাব করেন, যুক্তরাষ্ট্রের বাইরে যেসব বন্দিশিবিরে নির্যাতন চালানোর কাহিনী প্রকাশিত হয়েছে সেসব বন্দিশিবিরে বিদেশি বন্দিদের পাঠানো অবশ্যই বন্ধ করতে হবে এবং স্বতন্ত্র একটি কমিশনের মাধ্যমে সকল বন্দি-নির্যাতনের কাহিনী তদন্ত করতে হবে।

কাটার আরও বলেন, আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দিদের সাথে যে আচরণ করার কথা যুক্তরাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।