বৃষ্টির দেবতাকে প্রসন্ন করতে পশ্চিমবঙ্গে ব্যাঙের বিয়ে
ভারতের পশ্চিমবঙ্গে চলছে প্রচন্ড দাবদাহ। রৌদ্রতাপের তীব্রতায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটু স্বস্তির জন্য বৃষ্টির খুবই প্রয়োজন।
অথচ আকাশজুড়ে কোথাও এক চিলতে মেঘের সন্ধান নেই। তাই এক পশলা বৃষ্টির জন্য বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে ঐতিহ্যবাহী হিন্দু রীতিনীতির অনুসরণে পশ্চিমবঙ্গের খোচাকন্দর গ্রামে এক জোড়া ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস এতে বৃষ্টির দেবতা প্রসন্ন হবেন এবং তীব্র খরা ও তাপদাহের অবসান ঘটাবেন।
বিয়ের রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র বাজানো, উলুধ্বনি দেয়া, সিদুঁর পড়ানো এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণ সবই ছিল। দুটি ভিন্ন পুকুর থেকে ব্যাঙ দুটি সংগ্রহ করা হয়, বর্ণাঢ্য সাজে রঙিন কাপড়ে সজ্জিত করা হয় তাদের। বিয়ের আসরে পালঙ্কে করে নিয়ে আসা হয় তাদের। প্রায় চার শতাধিক দর্শনার্থী বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। বিয়ের পর ব্যাঙ দুটিকে একই পুকুরে ছেড়ে দেওয়া হয়।
কলকাতা থেকে ২২৫ মাইল দক্ষিণে খোচাকন্দর গ্রামে কয়েক দিন আগে এ বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্যোক্তা কনিকা মন্ডল বলেন, “কৃষির প্রয়োজনে পর্যাপ্ত বৃষ্টির জন্য আমাদের পূর্বপুরুষেরা এ ধরনের ব্যাঙের বিয়ের আয়োজন করতেন। আমাদের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই বৃষ্টি আসবে।”
