২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বে’তে সত্যিই কোরান অবমাননার ঘটনা ঘটেছে

গুয়ানতানামো বে’তে কোরান অবমাননা সংক্রান্ত নতুন কিছু তথ্য সরবরাহ করেছে পেন্টাগন। শুক্রবার প্রদত্ত এক রিপোর্টে বলা হয়েছে একজন সৈন্য ইচ্ছাকৃতভাবেই মুসলিম সম্প্রদায়ের ধর্মগ্রন্থ কোরানে লাথি মেরেছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 11:29 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এছাড়াও একজন তদন্ত কর্মকর্তা কোরান শরীফের ওপর দাঁড়িয়ে অবমাননা করায় পরে এরূপ ‘অগ্রহণযোগ্য আচরণ’ এর জন্য তাকে শাস্তি দেয়া হয়।

অন্য আরেক ঘটনায় একজন কারারক্ষী জনৈক বন্দী ও তার কোরানের দিকে মুখ করে প্রস্রাব করে ভিজিয়ে দেয়। কারারক্ষীরা পানিভর্তি বেলুন ছুঁড়ে বেশ কিছু সংখ্যক কোরানও ভিজিয়ে দেয়। এটাও দেখা গেছে যে কোরানের মলাটের ভেতরের দিকে তারা ইংরেজীতে দুই শব্দের অশ্লীল বাক্য লিখে রেখেছে।

গত মাসে কিউবার গুয়ানতানামো বে বন্দী শিবিরের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জে হুড-এর তদন্ত রিপোর্টে এসব তথ্য পাওয়া গেছে।

গুয়ানতানামো বে’তে মার্কিন সৈন্যরা টয়লেটে কোরান ফ্ল্যাশ করে দিয়েছে এমন রিপোর্ট নিউজউইক ম্যাগাজিনে প্রথম ছাপা হলে সারা বিশ্বে মার্কিনীদের বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আফগানিস্তানে মার্কিন বিরোধী প্রবল বিক্ষোভের কারন হিসেবে বুশ প্রশাসন এই রিপোর্টকেই দায়ী করে।