চীন ও তাইওয়ানে বৃহস্পতিবার সকালে শক্তিশালী ভূকম্পন
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে এবং চীনের তিব্বত অঞ্চলে এক শক্তিশালী ভূকম্পন বুহস্পতিবার সকালে অনুভূত হয়।
ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে যথাক্রমে ৬ এবং ৫.৯। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এবং হংকং-এর ভূকম্পন বিভাগ এ তথ্য দিয়েছে।
রাজধানী তাইপে থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সুয়াও শহর। সুয়াও থেকে ১২ কিলোমিটার উত্তর-পূর্বে সমুদ্রের তলদেশে ভূকম্পনটি কেন্দ্রীভূত ছিল। চলতি বছর যে কয়টি ভূমিকম্প তাইওয়ানে আঘাত হেনেছে এটা ছিল সবচেয়ে শক্তিশালী। তাইওয়ানে প্রতি বছর গড়ে ৩টি ভূমিকম্প আঘাত হানে বলে জানান ব্যুরো এনালিস্ট কো কাই-ওয়েন।
চীনের ভূকম্পনটি তিব্বতের লাসা থেকে ৩৭০ কিলোমিটার দূরে ভোর ৪টা ১১মিনিটে অনুভূত হয় বলে হংকং সরকার জানায়।
তবে দু’টি দেশের এই শক্তিশালী ভূকম্পনে কোন ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির সংবাদ এখনও পাওয়া যায়নি। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
