বোতল-বার্তার কল্যাণে রক্ষা পেল সমুদ্রে ভাসমান ৮৮ ব্যক্তি
লোকে বলে বিপদে পড়লে নাকি বুদ্ধি লোপ পায়, কিন্তু এবার ঘটেছে উল্টো-কারণ বুদ্ধির জোরেই একটি মানবিক-সাহায্য-বার্তা বোতল মারফত পাঠিয়ে প্রাণে রক্ষা পেয়েছে কোস্টারিকার কাছে সমুদ্রে আটকা পড়া দক্ষিণ আমেরিকার ৮৮ ব্যক্তি।
এসব ব্যক্তি পেরু ও ইকোয়েডরের নাগরিক এবং পাচারকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। পাচারকারীরা তাদের একটি ত্রুটিপূর্ণ নৌযানে করে পার করার ব্যবস্থা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পাচারকারীরা তাদের সমুদ্রে ফেলে রেখে চলে যায়।
আশাহত অভিবাসন-ইচ্ছুক ওই লোকদের দৃষ্টিসীমায় তখন কেবলই ধূসর দিগন্ত। এক পর্যায়ে সমুদ্রে বহুদূরে জেলেদের একটি নৌযান চোখে পড়ে তাদের। যোগাযোগ বা দৃষ্টি আর্কষণের অন্য কোনও সুযোগ না থাকায় অনন্যোপায় হয়ে তারা সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়ে একটি চিঠি প্লাস্টিকের বোতলে ছিপিবদ্ধ করে ভাসিয়ে দেয়। আটকা পড়া যাত্রীদের মধ্যে একজন মহিলাও ছিল। সে-ই বোতল-বার্তা পাঠানোর বুদ্ধি বের করে।
বিশাল এলাকা জুড়ে ফেলা জাল দেখতে গিয়ে মাছ ধরা জাহাজের সদস্য রে ডি রেইস বোতলসহ ওই চিঠিটি পায়। তাতে লেখা ছিল, “সাহায্য কর, অনুগ্রহ করে আমাদের সাহায্য কর।”
জাহাজের নাবিক ইসলা ডি কোকো ন্যাশনাল পার্ক কতৃর্পক্ষকে বিষয়টি অবহিত করেন। পার্ক কতৃর্পক্ষ একটি পরিবেশবাদী গ্রুপ মারভিভাকে ঘটনা অনুসন্ধানের জন্য একটি নৌযান পাঠাতে বলে। তারা রোববার শরণার্থীদের সমুদ্র থেকে উদ্ধার করে।
কোস্টারিকার পরিবেশ মন্ত্রী জানান, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পেরু এবং ইকোয়েডরের ওই ৮৮ জন নাগরিক পাচারকারীদের মাথাপিছু ৩ হাজার ডলার দিয়েছিল। গন্তব্যে পৌঁছতে পারলে মাথাপিছু আরও ৭ হাজার ডলার করে দেয়ার কথা ছিল।
