আফগানিস্তানে মসজিদে বোমা বিম্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের কেন্দ্রস্থলে আব্দুল রব মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন মারা গেছে।
মসজিদে এসময় রোববার নিহত একজন তালেবান বিরোধী নেতার জানাযা চলছিল। নিহতদের মধ্যে কাবুলের পুলিশ প্রধান মোহাম্মদ আকরামও রয়েছেন। আফগান কর্তৃপক্ষ বুধবার একথা জানায়।
মসজিদের ভেতর অনেক তালেবান বিরোধী নেতাও নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও গ্রুপই এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সকাল নয়টায় সমজিদের ভেতর শোকাহত মানুষ যখন জানাযা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এটি ছিল চলতি বছরে আফগানিস্তানের সবচে বড় ধরনের বিস্ফোরণ।
সমজিদের ভেতর অনেকের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আফগান কর্তৃপক্ষ আশংকা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোমা হামলা থেকে বেঁচে যাওয়া নানাই আঘা নামে একজনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর লোকজন দ্রুত মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করে এবং অনেকেই মেঝেতে শুয়ে পড়ে।
গত সপ্তাহে তালেবান শাসক মোল্লা ওমরের প্রকাশ্য সমালোচনা করার পর অজ্ঞাত বন্দুধকারীরা রোববার শীর্ষস্থানীয় তালেবান বিরোধী নেতা মাওলানা আব্দুল্লাহ আল কায়েজকে গুলি করে হত্যা করে।
