সন্ত্রাসের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে জিসিসি
উপসাগরীয় ছয়টি আরব দেশের সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর এক মন্ত্রীপর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।
মন্ত্রীরা সাধারণ ইরাকিদের ওপর হামলা এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত সৃষ্টিকারী কর্মকাণ্ডের নিন্দা জানান।
সৌদিআরবে রাজধানী রিয়াদে ছয় জাতি গালফ কো-অপারেশন কাউন্সিলের বৈঠকে সৌদি যুবরাজ প্রস্তাবিত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে একটি গোয়েন্দা তথ্য সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়।
মন্ত্রীরা সাধারণ ইরাকি ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং নিরপরাধ মানুষকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা ইরাক পুনর্গঠন সংক্রান্ত কাজেও পূর্ণ সমর্থন জানান।
মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে তারা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে রোড ম্যাপ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।
