২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ রোধে ভেড়ার মূত্র!

ভেড়ার মূত্র কাজে লাগিয়ে পরিবেশ দূষণ প্রতিরোধের একটি ‘যুগান্তকারী’ পদক্ষেপ উদ্ভাবন করেছেন বিট্রেনের একজন বাস মালিক। বিষয়টি নিয়ে প্রথমে হাসি ঠাট্টার উদ্রেক হলেও এর কার্যকারিতা দেখে সবাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রক্রিয়াটির উদ্ভাবক অ্যান্ড্রু ডায়ার বলেন, আমরা উইনচেস্টার শহরের কয়েকটি বাসের ইঞ্জিনের সাথে একটি আলাদা টাংক স্থাপন করি যার মধ্যে ভেড়ার মূত্র থাকে। বাস থেকে নির্গত ধোঁয়া যখন এ ট্যাংকের মধ্য দিয়ে প্রক্রিয়াজাত হয়ে বাইরে বের হয় তখন নাইট্রাস অক্সাইডসহ অন্যান্য গ্যাসের নির্গমন একেবারেই কমে যায়। তিনি বলেন, “যুগান্তকারী পদক্ষেপটির প্রসার এখন সময়ের ব্যাপার মাত্র।”

অ্যান্ড্রু ডায়ার বলেন, “পরিবেশ দূষণ রোধে এটি একটি মহৎ উদ্যোগ। আমরা আশাবাদী যে, এ প্রযুক্তি অবশ্যই কাজ করবে।”

তিনি বলেন, “ভেড়ার মূত্র নিয়ে যাত্রীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমরা বাসের মধ্যে যে ভেড়ার মূত্রের ট্যাংক রেখেছি তা বাস যাত্রীদেরকে কখনোই বলিনি এবং বাসের পিছনেও ভেড়া বহন করিনি। ফলে ভেড়ার মূত্র কোনও সমস্যা সৃষ্টি করছে না।”

গত মাস থেকে উইনচেস্টারের বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে ভেড়ার মূত্র সম্বলিত ট্যাংক ব্যবহার করা হচ্ছে।

ডায়ার বলেন, “বার্মিংহামে যখন আমি বিষয়টি জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করি তখন আমি নিজেই প্রচণ্ড হেসেছি। ভেবেছিলাম ভেড়ার মূত্র পরিবেশ দূষণমুক্ত রাখবে কিভাবে? কিন্তু এটাই এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে।”

তিনি বলেন, “এটি হল অত্যাধুনিক একটি ‘প্রাকৃতিক’ প্রযুক্তি। আমরা বিশ্বাস করি যে, আমাদের শহর জনগণের জন্য দূষণমুক্ত রাখতে ভেড়ার মূত্র হল একটি কার্যকর জিনিস। আর এ প্রক্রিয়ার প্রসার হলে ভবিষ্যত প্রজন্ম একটি দূষণমুক্ত সবুজ পৃথিবী ফিরে পাবে।”