দাইও গ্রুপের সাবেক প্রধান গ্রেফতার
দক্ষিণ কোরিয়ার তালিকাভুক্ত পলাতক আসামী, এক সময়ের সুপ্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার কিম উ চঙকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তিনি দাইও গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানটি ধ্বংস করেন বলে অভিযোগ রয়েছে।
১৯৯৭-১৯৯৮ সালে এশিয়াতে অর্থনৈতিক ধ্বস নামার পর কিম দেশ থেকে পালিয়ে যান। ৬ বছর পর দেশে ফিরে আসলে তাকে গ্রেফতার করা হয়।
দাইও কোম্পানীর একাউন্ট থেকে অবৈধ ব্যাঙ্ক ঋণ হিসেবে কোটি কোটি ডলার জালিযাতি করে বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভিয়েতনাম থেকে ১৯৯৯ সালের পর দেশে ফিরে এসে ইনচিয়ন বিমান বন্দরে ৬৯ বছর বয়স্ক কিম সাংবাদিকদের বলেন, “দাইও গ্রুপের দুর্ঘটনার জন্য আমার বিরুদ্বে যে অভিযোগ আনা হবে তার সকল দায়-দায়িত্ব আমি মাথা পেতে নেব। এ বৃহৎ শিল্প কারাখানার ধ্বংসের জন্য আমি গভীরভাবে দু:খিত।”
দেশ থেকে ২ হাজার কোটি ডলার বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়েছে কিমের বিরুদ্ধে। পুলিশ মনে করে, দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর কিম ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন এবং ফ্রান্সের নাগরিকত্ব নেন।
