তেলের বিনিময় খাদ্য: পদত্যাগের কথা বাতিল করে দিলেন আনান
জাতিসংঘ মহাসচিব কফি আনান ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে দুর্নীতির ব্যাপারে আবারও আলোচনায় এসেছেন। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি তার পদত্যাগের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের সংস্কার কাজের দায়িত্ব পালন করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।
কফি আনান বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আমি খুবই গুরুত্বসহকারে নিয়েছি। আর সেজন্যই আমি চাই সাবেক ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট পল ভোলকারের নেতৃত্বে একটি স্বাধীন কমিটি ঘটনার সরেজমিন তদন্ত করুক।’
তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় কফি আনানের ছেলের মালিকানাধীন কোম্পানির এক কর্মচারিকে একটি ঠিকাদারি কাজ দেওয়ার কথা কফি আনান জানেন এ সংক্রান্ত একটি ই-মেইল প্রস্তাব পাওয়ার পর ওই কমিটি মঙ্গলবার কফি আনানের বিরুদ্ধে নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
ওই ই-মেইলে, ১৯৯৮ সালের শেষ দিকে জাতিসংঘের ইস্যুকৃত এক স্মারকে সুইজারল্যান্ডের কোটেকেনা ইন্সপকেশন সার্ভিসকে ঠিকাদারি কাজ দেওয়ার জন্য কফি আনান ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গত মার্চে জাতিসংঘ গঠিত তদন্ত কমিটি ইরাকে তেলের বিনমিয়ে খাদ্য কর্মসূচিতে তার ছেলেকে জাতিসংঘের কর্মকর্তারা কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন এমন কোন যথেষ্ট তথ্য তারা তদন্ত করে পায়নি।
কফি আনানের মুখপাত্র জানান, তিনি ১৯৯৮ সালের শেষদিকে কোনও সভায় যোগদান করেছেন কিনা তা তার জানা নেই।
তিনি আবারও বলেছেন যে, ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় কোটেকেনাকে কাজ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
তিনি বলেন, ‘আমরা সকলে সত্যটাকেই জানতে চাই।’
